
সাতক্ষীরার তালায় জামায়াত নেতা পরিচয়দানকারি তরিকুল ইসলামের বিরদ্ধে জোরপূর্বক এক ব্যক্তির সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ এপ্রিল ‘২৬) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পাটকেলঘাটা থানার মির্জাপুর গ্রামের মৃত, দীনালী সরদারের ছেলে আমজেদ হোসেন এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি বিগত ১৯৯৪ সালের ৪ এপ্রিল ১৮৭৬ নং কোবলা মূলে মির্জাপুর মৌজার সাবেক ৯১১ নং দাগসহ ৫টি দাগে ৬ শতক জমি মির্জাপুর গ্রামের এনায়েত আলি সরদারের নিকট হতে ক্রয় করে শান্তিপূর্ণভাবে দখলিকার আছি। বর্তমান জরীপে আমার নামে ডিপি ৯৫ নং খতিয়ানে নতুন ৭৩৪ দাগে ৬ শতক জমি যথাযথভাবে রেকর্ড হয়েছে। আমার পিতা ও চাচা বিগত ১৯৬৮ সালের ১৮ এপ্রিল ২৪৭৬ নং কোবলা দলিল মূলে সাবেক ৯০৯ দাগ সহ ৩ দাগে ২৮ শতক জমি খরিদ করে। উক্ত জমি ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হয়ে আমি ও আমার চাচাত ভাইরা শান্তিপূর্ণ ভাবে দখলীকার আছি। কিন্তু চলতি ২০২৬ সালের ২ এপ্রিল রাত ১০ টার দিকে
কুমিরা ইউনিয়নের জামায়াতের আমিরসহ সেক্রেটারী তরিকুল ইসলাম ও কেশা গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের ছেলে শাহিনুরের নেতৃত্বে ১০/১২ জন জামায়াতের লোক আমার বসত বাতিতে অনধিকার প্রবেশ করে গায়ের জোরে জমি মেপে খুটা মারার চেষ্টাকালে আমরা বাধা প্রদান করলে লোকজন নিয়া তরিকুল চলিয়া যায়।
আমজেদ হোসেন আরো বলেন, পরবর্তীতে গত ১০ এপ্রিল বেলা ১টার দিকে তরিকুল ও মফিদুলসহ ১০/১২ জন জামায়াত কর্মী আমার বাড়িতে এসে জানতে চায় কেন আমি সেদিন জমি মাফতে বাধা দিলাম। এসময় কিছু বুঝে উঠার আগেই তারা আমাকে মারপিট শুরু করে। এসময় আমার ভাইপো শফিকুল ইসলাম সফি ঘটনা দেখে আমাকে ঠেকাতে এগিয়ে এলে তার বাম হাতের তালুতে দাত দিয়ে কামড়ে জখম করে এবং গায়ে থাকা পাঞ্জাবী ও টুপি ছিড়ে দেয়। ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় তরিকুল জামায়াত করে বলে আস্ফলন করে চলে যায়।
তরিকুল ইসলাম আমাদেরকে মিথ্যা ভাবে হয়রানি করার জন্য কিছু ভুল তথ্য ফেসবুকে দিয়াছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃত পক্ষে আমাদের খরিদা জমি থেকে বেদখল করার জন্য জামায়াত নেতা তরিকুল নানারূপ অপপ্রচার করছে।
তিনি বলেন, আমরা এলাকার নিরীহ ও শান্তিপ্রিয় মানুষ। কিন্তু তরিকুল এলাকায় বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে। তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আছে। তিনি তদন্তপূর্বক তরিকুল গংদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।