
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহা গ্রামের দুই সন্তানের জননী শাহানারা বেগম (৩২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে পাষন্ড স্বামীর বিরুদ্ধে। এ সময় ঘাতক স্বামী আব্দুস সাত্তার লাশ রেখে বাড়ি থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে। তালা থানার পুলিশ শনিবার (১১ এপ্রিল ‘২৬) সকালে ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করে।
নিহত গৃহবধূর কাকা আতিয়ার রহমান জানান, প্রায় তিন বছর আগে তার ভাইজি শাহানারা খাতুনের সঙ্গে সুজনশাহা গ্রামের আব্দুস সাত্তারের সাথে বিয়ে হয়। তাদের বর্তমানে তাদের সংসারে শাহাদাত হোসেন ও সুমাইয়া আক্তার নামের দুটিা সন্তান রয়েছে। জামাতা আব্দুস সাত্তার চাকুরীর সুবাদে ঢাকায় থাকেন। হঠাৎ সে সম্প্রতি গোপনে আরেকটি বিয়ে করেছে বলে তারা জানতে পারে। এনিয়ে তাদের সংসারে ঝগড়া বিবাদ চলছিল।
তিনি আরও বলেন, দুই-তিনদিন আগে জামাই আব্দুস সাত্তার ঢাকা থেকে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া তুঙ্গে ওঠে। এরই সূত্র ধরে শুক্রবার রাতে তার ভাইজি কে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। তার শরীরসহ ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
তালা থানার এস আই মোঃ হেমায়েত হোসেন জানান, শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
তালা থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার গৃহবধূর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়না তদন্ত রিপোর্ট আসার পরে বিস্তারিত জানা যাবে।