
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জুয়েলার্সে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। নাইটগার্ড থাকলেও দোকান ও লকারের তালা ভেঙ্গে স্বর্ণ, রুপা ও নগদ টাকাসহ মূল্যবান লুট করেছে চোরচক্র। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ, তদন্ত করে চোরচক্রের চিহ্নিতকরণসহ আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস ওসি’র।
সরেজমিন ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার নলতা বাজারে শনিবার (২৬ সেপ্টেম্বর ‘২৬) দিবাগত রাত আনুঃ ৩টার দিকে তৃষ্ণা জুয়েলার্স নামের দোকানে চুরির ঘটনা ঘটে। দোকান মালিক নলতা গ্রামের কালিদাস স্বর্ণকার দাবি করেণ রাতে বেচাকেনা শেষে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। সকালে বাজারে এসে দোকানের শাটার ভাঙা অবস্থায় দেখতে পান। পরে দোকানের ভেতরে প্রবেশ করে দেখেন লকার ভেঙে স্বর্ণ ও রুপার বিভিন্ন মালামাল এবং লকারে থাকা নগদ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
তবে প্রাথমিক ভাবে চুরি যাওয়া স্বর্ণ, রুপা ও নগদ টাকার সঠিক পরিমাণ বা আর্থিক মূল্য নির্ধারণ করা সম্ভব হয়নি। দোকানের মালিক ও সংশ্লিষ্টরা মালামালের হিসাব- নিকাশ করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা করছেন বলে জানাগেছে।
চুরির খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দোকানটি পরিদর্শন করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে ঘটনার সময় বাজারে দায়িত্বে থাকা নাইট ডিউটির কর্মীসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহসহ চুরির রহস্য উদ্ঘাটনে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
থানা’র অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া যায়নি। তবে তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।