
সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর ‘২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অভিযানের শুরুতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং অপরিচ্ছন্ন স্থানগুলো পরিচ্ছন্ন করার কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইচউদ্দিন, জামায়াতের উপজেলা আমির ও কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর-রশীদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবির হোসেন, পৌরসভার সচিব তুষার কান্তি, কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ও সিনিয়র শিক্ষক বাকী বিল্লাহ শাহীসহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অভিযান থেকে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে নিয়মিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হলে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব হবে।