
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটায় ট্রাকের ধাক্কায় মোঃ মেহেদী হাসান সবুজ(২৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
তিনি সাতক্ষীরার আশাশুনী উপজেলার মোঃ আব্দুল জলিলের ছেলে। এক সপ্তাহ আগে তিনি একমি ওষুধ কোম্পানীতে খুলনার ডুমুরিয়া উপজেলায় যোগদান করেছিলেন। সেখানে যাবার পথে শনিবার ( ২৬ সেপ্টেম্বর ‘২৬) রাতে পাটকেলঘাটা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে মেহেদী হাসান সবুজ মোটরসাইকেল চালিয়ে পাটকেলঘাটা ব্রিজের ওপর দিয়ে ডুমুরিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।