
“মাদক নয়, তোমার মেধা হোক তোমার পরিচয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় স্থানীয় পর্যায়ে যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট ‘২৬) খেজুরবাড়িয়া পলিটেকনিক ইছামতি বিএম কলেজে দিনব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এবং সুশীলনের বাস্তবায়নে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সুশীলনের উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিল্টন সিং এবং সুশীলন বাস্তবায়িত দেবহাটা এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় যুব ও শিশু ফোরামের প্রতিনিধিরা বক্তব্য দেন। তাদের মধ্যে কুলিয়া যুব ফোরামের মানিক মেহবুব, পারুলিয়া ইউনিয়ন যুব ফোরামের কাকন ঘোষ, নওয়াপাড়া ইউনিয়ন যুব ফোরামের রুমি আক্তার এবং দেবহাটা ইউনিয়ন যুব ফোরামের মালিহা আক্তার প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় শিশু ফোরামের সহ সভাপতি অনামিকা পাল।
সমাবেশে দেবহাটার বিভিন্ন ইউনিয়নের যুব ও শিশু ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন দিনব্যাপী আয়োজনে মাদকবিরোধী সচেতনতা, অনলাইন জুয়া ও ক্ষতিকর গেমিং প্রতিরোধ, সাইবার বুলিং থেকে সুরক্ষা, নেতৃত্বের বিকাশ, শিশু অধিকার এবং সামাজিক অংশগ্রহণের বিষয়ে আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, মাদকাসক্তি ও বিভিন্ন সামাজিক ঝুঁকি থেকে যুব ও কিশোর-কিশোরীদের সুরক্ষা, তাদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং শিশু অধিকার প্রতিষ্ঠায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আত্মবিশ্বাস ও নেতৃত্বের বিকাশ এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে তাদের ভূমিকা আরও জোরদার করবে। সমাবেশে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত, নিরাপদ ও শিশুবান্ধব সমাজ গড়ে তোলার পাশাপাশি যুব ও শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল জীবন, মানসম্মত শিক্ষা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।