
সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা পরিকল্পনার অংশ হিসেবে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর রাজস্ব বাজেটের আওতায় সেচ ও নিকাশ কাঠামো মেরামত ও সংরক্ষণ প্রকল্পের অধীনে এই কাজ বাস্তবায়িত হচ্ছে।
গত বুধবার (১৩ মে ‘২৬) এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খান আনুষ্ঠানিকভাবে এই খননকাজের উদ্বোধন করেন। জেঠুয়া-কানাইদিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অধীনে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় জেঠুয়া ঘের খালের ১ হাজার ৩৮০ মিটার এবং দুধের খালের ৭৪০ মিটার পুনঃখনন করা হচ্ছে। খননকাজে স্থানীয় শ্রমিকদের সমন্বয়ে গঠিত ‘লেবার কন্ট্রাক্টিং সোসাইটি’ (এলসিএস) নিয়োজিত রয়েছে।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খান বলেন, “একসময় খাল ছিল গ্রামীণ অর্থনীতির প্রাণশক্তি। এসব খাল পুনঃখননের ফলে কৃষিতে সেচ সুবিধা বাড়বে, মৎস্য চাষের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় জনগণের কর্মসংস্থান হবে।”
জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু মনে করেন, খাল দুটি খননের ফলে বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হবে এবং জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে ফসলি জমি। এতে স্থানীয় কৃষিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা সহজ হবে।
তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, পর্যায়ক্রমে তালা উপজেলার প্রতিটি ইউনিয়নেই প্রয়োজন অনুযায়ী খাল খনন কার্যক্রম সম্প্রসারণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলজিইডির সার্ভেয়ার মো. সালাম হোসেন, কমিউনিটি অর্গানাইজার সুমন কুমার নাগ এবং সমিতির সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।