
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে নৌকা ডুবির ঘটনায় চার মৌয়ালকে উদ্ধারের পর আরও এক মৌয়াল ফিরে এসেছেন। এঘটনায় নিখোঁজ রয়েছেন এখনও তিন মৌয়াল। বৃহস্পতিবার (০৯ এপ্রিল ‘২৬) রাতে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে গিয়ে চার জনকে উদ্ধার করে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনে নিয়ে আসেন। আর শুক্রবার ফিরে আসেন ইকরামুল কবির নামের আরেক মৌয়াল। এর আগে গত ৬ এপ্রিল রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকা ঝড়ের কবলে পড়ে মৌয়ালদের একটি নৌকা ডুবির ঘটনা ঘটে।
বনবিভাগের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, গত পহেলা এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে তারা সুন্দরবনে মধু সংগ্রহে যায়। গত সোমবার রাতে তাদের নৌকাটি ঝড়ের কবলে পড়ে। তাদের মধ্যে চারজনকে উদ্ধার করে লোকালয়ে আনা হয়েছে। নিখোঁজ ৪ জনের মধ্যে ইকরামুল কবির শুক্রবার বিকেলে বাড়ি ফিরেছেন। এখনো ৩ জন মৌয়াল নিখোঁজ রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।