
সাতক্ষীরার দেবহাটায় প্রতিবন্ধী ব্যক্তিদের ওপিডি সমূহের টেকসই সক্ষমতা বৃদ্ধিতে ২দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাদিপুরে (১৮ ও ১৯ এপ্রিল ‘২৬) তারিখে দুই দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জার্মান কোঅপারেশন ও ডিএএইচ-এর সহায়তায় ডিজএ্যবল্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ) প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপিডি) নেতৃবৃন্দের জন্য এ আয়োজন করে। অনুষ্ঠিত প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল ওপিডি সমূহের টেকসই সক্ষমতা বৃদ্ধি করা। এতে ১২টি ওপিডি থেকে মোট ২০ জন প্রতিনিধি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রথম দিনে উদ্বোধনী বক্তব্যের পাশাপাশি রিসোর্স ম্যাপিং ও স্টেকহোল্ডার প্রক্রিয়া বিষয়ক বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিনে অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়। পুরো প্রশিক্ষণটি তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় পদ্ধতিতে পরিচালিত হয়, যার সেশন পরিচালনা করেন ডিআরআরএ-এর টেকনিক্যাল কোঅর্ডিনেটর দেবেশ দাস। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ডিআরআরএ-এর ম্যানেজার তরুণ কুমার সরদার। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম। তিনি অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।