শ্যামনগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন
📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
প্রকাশের সময় :
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
২৮
বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৩৩ ভোট পেয়ে সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন সামিউল আজম মনির। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম মোস্তফা কামাল পেয়েছেন ১২ ভোট।
সাধারণ সম্পাদক পদে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আসাদুজ্জামান লিটন। তাঁর প্রতিদ্বন্দ্বী আনিসুর রহমান সুমন পেয়েছেন ১৮ ভোট।
শনিবার (৫ সেপ্টেম্বর ‘২৬) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্যামনগর উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই প্রেসক্লাব প্রাঙ্গণে প্রার্থী, ভোটার ও সাংবাদিকদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।
ভোটগ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলে প্রেসক্লাবের সদস্য ও উপস্থিত সাংবাদিকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
নির্বাচনে প্রেসক্লাবের ১১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনটি পদে ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। অপর আটটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি জাহিদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন, অর্থ সম্পাদক মেহেদী হাসান মারুফ, সাংগঠনিক সম্পাদক জি এম আব্দুল কাদের, দপ্তর সম্পাদক অনাথ মণ্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আলিম, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক এস এম আলমগীর হায়দার এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ।
এদিকে কার্যকরী সদস্য পদেও ভোটের মাধ্যমে তিনজন নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে ২৬ ভোট পেয়ে শেখ সোহরাব হোসেন প্রথম কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯ ভোট পেয়ে মোঃ কামরুজ্জামান দ্বিতীয় এবং ১৮ ভোট পেয়ে মোঃ আলমগীর সিদ্দিক তৃতীয় কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচনকে ঘিরে দিনভর শ্যামনগর উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। প্রেসক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইদ মাহমুদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী ও অধ্যাপক জি এম মাহাবুব আলম।
নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি সামিউল আজম মনির ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান লিটনসহ নির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান প্রেসক্লাবের সদস্যরা। নবনির্বাচিত কমিটি শ্যামনগরের সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন প্রেসক্লাবের সদস্যরা।