সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভিডিও ভাইরালকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছে “শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ”।
বুধবার (২২ জুলাই ‘২৬) দুপুর ১২টায় শ্যামনগর বাসস্টপ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজকদের দাবি, এতে বিপুল সংখ্যক নারীও অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে উত্থাপিত অভিযোগের তীব্র সমালোচনা করেন এবং একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের আচরণ প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেন। তারা অবিলম্বে তাঁর পদত্যাগ এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
পরে বিক্ষোভকারীরা সংসদ সদস্যের কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় তাদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়।
প্রতিবাদকারীরা বলেন, জনপ্রতিনিধিদের নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তাই আলোচিত ঘটনার নিরপেক্ষ তদন্ত করে সত্য উদঘাটন এবং দায় প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এবিষয়ে সংসদ সদস্যের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাই বিষয়টি অভিযোগ হিসেবে বিবেচ্য।