
সাতক্ষীরার তালা উপজেলার বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম, শিক্ষার পরিবেশের অবনতি, অবকাঠামোগত সমস্যা ও আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত শেষে অভিযোগকারীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা যায়, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার পরিবেশের অবনতি, শিক্ষক-কর্মচারীদের মধ্যে দ্বন্দ্ব, অবকাঠামোগত অব্যবস্থাপনা এবং আর্থিক অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন দাখিল করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পুত্র, আজীবন দাতা সদস্য এবং নির্ভীক সংবাদ-এর সম্পাদক আ আ ম একরামুল হক আসাদ।
অভিযোগের প্রেক্ষিতে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস সরকার রবিবার (আজ) বিদ্যালয়ে সরেজমিন তদন্তে যান। তিনি বিদ্যালয়ের বিভিন্ন দিক পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করেন।
অভিযোগ করা হয়েছে, তদন্ত কার্যক্রম শেষ করে একাডেমিক সুপারভাইজার ফিরে যাওয়ার পর বিদ্যালয়ের এক শিক্ষক আতিয়ার রহমান ক্ষুব্ধ হয়ে অভিযোগকারী আ আ ম একরামুল হক আসাদকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় অভিযোগকারী নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
আ আ ম একরামুল হক আসাদ বলেন, বিদ্যালয়ের স্বার্থে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষার উদ্দেশ্যে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিলেন। তদন্ত শেষে তাঁকে হত্যার হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং এটি একজন অভিযোগকারীর নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে তিনি দাবি করেন।
স্থানীয় সচেতন মহল অভিযোগ করেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগ তদন্তের পর যদি অভিযোগকারীকে ভয়ভীতি বা প্রাণনাশের হুমকি দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে কেউ অনিয়মের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাবেন না। তারা অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হুমকির ঘটনারও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।