
নিরাপদ খাদ্য সুস্বাস্থ্যের আঙিনা এ প্রতিপাদ্যকে ধারণ করে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ‘২৬) বিকালে সাতক্ষীরা তালার তেঁতুলিয়াই অনুষ্ঠিত পুষ্টি-উঠোনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ডা. আব্দুর রহমান সজল।
তিনি উপস্থিত অর্ধশতাধিক নারীর উদ্দেশ্যে পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি স্বাস্থ্য সচেতনতায় সুষম ও পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তা, ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও করণীয়, প্রসূতি মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টিকর খাবার গ্রহণের নিয়ম এবং বসতবাড়িতে সবজি চাষের বিভিন্ন দিক নিয়ে পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমরা বন্ধু’র পরিচালক এস এম নাহিদ হাসান, সিনিয়র সদস্য অর্ঘ্য ঘোষ, তালা উপজেলা টিমের টিম লিডার আবু শাহিদ এবং সদস্য অন্তর, জুই, আব্দুল হাকিম ও সজিবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বসতবাড়িতে সবজি চাষে উৎসাহিত করতে ১০ জনকে সবজি চাষের বীজ উপহার হিসেবে প্রদান করা হয়।
আয়োজকরা জানান, পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পারিবারিক পর্যায়ে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।