শ্যামনগরের ২ নং কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
প্রকাশের সময় :
সোমবার, ১৫ জুন, ২০২৬
১৭৩
বার পড়া হয়েছে
বর্ণাঢ্য আয়োজন, ব্যাপক জনসম্পৃক্ততা এবং উন্নয়নমুখী পরিকল্পনার মধ্য দিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের ২০২৬–২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকারের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সোমবার (১৫ জুন ‘২৬) কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন। ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভার কার্যক্রম পরিচালিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে মোঃ দেলোয়ার হোসেন বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে জনগণের অংশগ্রহণ। একটি ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়নের ক্ষেত্রে সাধারণ মানুষের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়ন করতে হলে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রায়হান কবির ২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। তিনি উপস্থিত জনগণের সামনে ইউনিয়ন পরিষদের সম্ভাব্য আয় ও ব্যয়ের খাতসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন এবং বাজেট বাস্তবায়নের বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
ঘোষিত বাজেট অনুযায়ী, ২০২৬–২০২৭ অর্থবছরে কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের মোট আয় ধরা হয়েছে ৩ কোটি ১৪ লাখ ৫ হাজার ৮২৬ টাকা এবং মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ১৪ লাখ ৫ হাজার ৮২৬ টাকা। বাজেটে অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেন নির্মাণ, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়।
উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সদস্য, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সভার একপর্যায়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বাসিন্দাদের কাছে তাদের এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন সংক্রান্ত মতামত জানতে চাওয়া হয়।
এ সময় উপস্থিত জনগণ ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও জনকল্যাণমুখী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তারা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, সচিব ও সদস্যদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বিগত সময়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় দৃশ্যমান উন্নয়ন হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকলে কাশিমাড়ী ইউনিয়ন আরও উন্নত ও আধুনিক এলাকায় পরিণত হবে।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, নতুন অর্থবছরের বাজেট বাস্তবায়নের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে। পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত জনসাধারণ বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণের সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তারা মনে করেন, উন্মুক্ত বাজেট সভা স্থানীয় সরকারের কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সংশ্লিষ্টদের মতে, কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের এই উন্মুক্ত বাজেট সভা স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিক চর্চা, অংশগ্রহণমূলক পরিকল্পনা এবং উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।