
পৌষের এপিটাফ
পৌষের শীত বসে ক্লান্ত রূপসা নদীর তীরে,
চাঁদের আলো কুয়াশার চাদরে ঢেকে যায় ধীরে!
নদীর ঢেউয়ে ভাঙে সময় বয়ে যায় নিঃশব্দ সুর,
জেলখানা ঘাটে বসে ভাবি অতীত আজ কতদুর!!সার্কিট হাউজের মাঠ যেন এক ঘুমন্ত শহর,
কুয়াশার আড়ালে লুকিয়ে আছে কত অদেখা স্বর!
ধোয়া ওঠা লাল চা মনে হয় যেন এক কাপ ভালোবাসা,
শীতের তীব্রতায় চা চুমুকে জাগে এক নতুন সুর্যের আশা!!কুয়াশার প্রহেলিকায় আকাশের তারারা যায় খসে,
শীতের রাতে আহত ও নিহত স্মৃতিরা জেগে বসে!
বরফ জমে রক্তে তবু হৃদয়ে আগুনের লহর,
জীবন থামে না ধীরে ধীরে জাগায় নতুন ভোর!!এইসব শীত নদী মাটি শিশির আর কুয়াশার চাদর,
সব যেন মিশে যায় থাকে শুধু অনন্ত গভীরতার ঘর!
মৃত্যুর খবর বয়ে আনে শীতের হিমেল বাতাস,
তবু জীবনের গান শোনায় জেগে থাকা প্রতিটা শ্বাস!!তাই তো মৃত্যুতেও বেঁচে থাকি এই শীতের কোল বেয়ে,
বরফের নিচে লুকিয়ে আগুনও জ্বলে ধেয়ে ধেয়ে!
পৌষের রাত এসব রাতে রূপসার ঢেউ যায় থেমে,
লাল চায়ের ধোঁয়ায় জীবনের উপলব্ধি আসে নেমে!!