
সাতক্ষীরার দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামে বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) উৎসবমুখর পরিবেশে কৃষক মাঠ দিবস উদযাপিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে ‘দেবহাটা এরিয়া প্রোগ্রাম’-এর আয়োজনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
চলতি মৌসুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহায়তায় জিংক সমৃদ্ধ ‘ব্রি-১০২ (জিংক সমৃদ্ধ জাত) চাষ করে এলাকায় ব্যাপক সাফল্য অর্জন করেছেন স্থানীয় কৃষক প্রদীপ সরকার। তার জমিতে ধানের আশানুরূপ ফলন হওয়ায় অন্যান্য কৃষকদের উদ্বুদ্ধ করতে এই মাঠ দিবসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার মো: আবজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই, ভিডিএস সভাপতি বিলকিস নাদিরা এবং দেবহাটা প্রেসক্লাবের সাংবাদিক উত্তম রায়। এছাড়াও দেবহাটা এরিয়া প্রোগ্রাম (সুশীলন)-এর জেসিডিও মমতাজ পারভীন সহ সংশ্লিষ্ট ফ্যাসিলিটেটরবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মানবদেহে জিংকের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রতিটি মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও সুস্থতার জন্য জিংক অত্যন্ত প্রয়োজনীয়। জিংক সমৃদ্ধ ধান চাষের মাধ্যমে কৃষকরা একদিকে যেমন লাভবান হচ্ছেন, অন্যদিকে সাধারণ মানুষের পুষ্টির চাহিদাও পূরণ হচ্ছে। উপস্থিত কৃষকদের জিংক ধান চাষের আধুনিক পদ্ধতি ও এর গুণাগুণ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
মাঠ দিবস শেষে উপস্থিত কৃষকরা জিংক সমৃদ্ধ ধান চাষে আগ্রহ প্রকাশ করেন এবং প্রদীপ সরকারের সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।