
একাকীত্বের ডায়েরি
এই শহর ও সভ্যতা কি সাহারা মরুভূমি?
মানুষের ভিড়ে বুকচাপা এক শূন্যতা।
পাশে কেউ নেই, কেউই না—
শুধু একাকীত্বের স্লো পয়জন,
ধীরে ধীরে নীরব আত্মহত্যা।চোখে চোখ রেখে চা খাওয়ার লোক আছে,
শীতের রাতে কাঁথা নিয়ে হাজির কেউ কেউ।
হাসের মাংস আর চালের আটার রুটি নিয়ে
অস্থায়ী কিছু মুখ—
তবে কি এই সবই যথেষ্ট?একাকীত্বকে হত্যা করতে কে পারে?
যে শহরের প্রতিটা কোণে
আলো আর অন্ধকারের সহাবস্থান,
সেখানে মানুষ ভীষণভাবে একা।
ভীড়ের ভেতরও সেই শূন্যতা,
মনের কোণে জমে থাকা এক চিরন্তন ঝড়।
কেউ জানে না, কেউ বোঝে না।আপন করতে চেয়েছি,
অনুভবের গভীরে ছুঁতে চেয়েছি।
কিন্তু প্রতিটা হাসির আড়ালে
লুকিয়ে থাকা দগদগে ক্ষত—
তাও কি কেউ পড়তে চায়?পথে নেমেছি—
চেনা-অচেনার ভিড়ে হারিয়ে গেছি।
ধরতে চেয়েছি একটি হাত,
দেখেছি সেই হাতেও শূন্যতার দাগ।জীবনের এই মায়াবী পাড়ায়
সবাই নিজের মতো করে একা।
সময় শিখিয়েছে,
ভীড় আর সম্পর্কের জালে
মানুষ আসলে একাই থাকে।তবু, এই একাকীত্বই হয়তো
স্বপ্নের কাঠামো গড়ার জায়গা।
নিজের ভেতরে নিজেকে খুঁজে,
খুঁজে ফিরি এক নির্জন আলো।
শুধু আমি, আমার শূন্যতা,
আর একাকীত্বের সঙ্গম।