আন্তর্জাতিক

ইরানে নতুন অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান পরিচালনা অনিবার্য বলে মনে করছেন ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি জ্যেষ্ঠ মন্ত্রী এবং নিরাপত্তা কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই অভিযানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর তথ্য অনুযায়ী, তেহরানের বিরুদ্ধে কয়েক দিনব্যাপী সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ের সক্রিয় প্রচেষ্টা চালাচ্ছেন।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কর্মকর্তারা ইতোমধ্যে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে ঐকমত্যে পৌঁছেছেন এবং সেগুলো অনুমোদনও করা হয়েছে। এখন কেবল অভিযান শুরুর চূড়ান্ত সময় নির্ধারণের অপেক্ষা রয়েছে। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মাধ্যমে এই সংঘাতের সূচনা হয়। এর পর থেকেই নতুন করে বৃহত্তর পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নেতানিয়াহুর এই পরিকল্পনার সমালোচনায় তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা দাবি করেছেন, নিজের দুর্বল হয়ে পড়া রাজনৈতিক অবস্থানকে টিকিয়ে রাখতেই তিনি যুদ্ধের বিস্তার ঘটাতে চাইছেন। যদিও নেতানিয়াহু এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন। এর মধ্যেই গণমাধ্যমে খবর এসেছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমর্থনে ইরানজুড়ে প্রায় চার থেকে সাত দিনব্যাপী বিমান হামলা চালানোর ছক তৈরি করা হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা পুনর্গঠন এবং রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচির অগ্রগতির আশঙ্কার বিষয়টিও ইসরাইলি গোয়েন্দা সংস্থাগুলো খতিয়ে দেখছে। একই সঙ্গে ইসরাইলি গোয়েন্দাদের মূল্যায়নও খতিয়ে দেখছেন তিনি।

অন্যদিকে, ইসরাইলের এই আগ্রহের বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অবস্থানে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। অ্যাক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ইরান ইস্যুতে তিনি কোনো তাড়াহুড়ো করতে চান না। বরং বছরের শুরুতে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি পরবর্তী পদক্ষেপ গ্রহণের পক্ষে। রয়টার্সকে দেয়া পৃথক এক বক্তব্যে ট্রাম্প বলেন, ২০২৭ সালের শুরুর দিকে ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে আলোচনার সুযোগ থাকবে, কারণ এখন তাদের হাতে পর্যাপ্ত সময় রয়েছে।

সামরিক পরিকল্পনার অংশ হিসেবে পেন্টাগন ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে হামলার বিভিন্ন কৌশল পর্যালোচনার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। বিশেষ করে, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোর ওপর বড় ধরনের পাল্টা হামলা এড়িয়ে ইরানে আঘাত হানার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কঠোর অবরোধের মাধ্যমে তেহরানের ওপর চাপ অব্যাহত রাখা হয়েছে। তবে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেয়া ট্রাম্পের অন্যতম প্রধান লক্ষ্য।

ইরান ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও উত্তাপ বাড়ছে। সম্প্রতি মার্কিন সিনেটে ৫১-৪৮ ভোটে একটি প্রস্তাব নাকচ হয়েছে, যেখানে ট্রাম্পকে যেকোনো সামরিক পদক্ষেপের আগে কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য করার শর্ত রাখা হয়েছিল। যদিও ওয়াশিংটন এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি, তবে ইসরাইলের সামরিক প্রস্তুতি এবং যুক্তরাষ্ট্রের চলমান পরিকল্পনা পর্যালোচনা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়িয়ে তুলেছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ বিষয়টি তুলে ধরা হয়েছে।