মিস ইউনিভার্সের ৭৫তম আসরের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে আয়োজিত এই প্রতিযোগিতার ‘ন্যাশনাল কস্টিউম’ বা জাতীয় পোশাক পর্বে তিনি ‘মাদারহুড: আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামের একটি থিম নিয়ে হাজির হয়েছেন। গত ১১ নভেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব বা গ্র্যান্ড ফিনালে আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।
মঞ্চে মাহি লাল ও সাদা রঙের একটি শাড়ি পরিধান করেন, যার সাথে ছিল সাবেকি গহনা। গহনার মধ্যে হাতে বালা, গলায় হার এবং মাথায় টিকলি ব্যবহার করতে দেখা গেছে তাকে। পোশাকটির পেছনের অংশে বিভিন্ন ভাস্কর্যধর্মী নকশা ও বৃত্তাকার আকৃতি ব্যবহার করা হয়েছে, যা মা ও সন্তানের অবিচ্ছিন্ন জীবন চক্র ও অটুট বন্ধনকে ফুটিয়ে তুলেছে। প্রতিটি নকশা ও প্রতীক ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে মাতৃত্বের গল্প তুলে ধরছে বলে জানান মাহি। এর বৃত্তাকার নকশা জীবনের নিরন্তর আবর্তন, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে চলা অবিচ্ছেদ্য বন্ধনের প্রতীক। ”।
নিজের এই বিশেষ পোশাক উপস্থাপন নিয়ে সামিরা খান মাহি বলেন, “সীমাহীন ভালোবাসা ও গর্বের সঙ্গে আমি আমার জাতীয় পোশাক উপস্থাপন করেছি। এটি আমার দেশ বাংলাদেশ থেকে অনুপ্রাণিত, যা মা ও সন্তানের মধ্যকার পবিত্র চিরন্তন বন্ধনকে উদযাপন করে।” তিনি আরও যোগ করেন, পোশাকটি কেবল একটি সাজসজ্জা নয়, বরং মাতৃত্বের শক্তি, ত্যাগ ও নিঃশর্ত ভালোবাসার এক অপূর্ব যাত্রা। এর মূল ভাবনা—‘মাতৃত্ব: ভালোবাসার সর্বজনীন এক বন্ধন’।
অসংখ্য ত্যাগের বিনিময়ে সন্তানদের গড়ে তোলা মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাহি বলেন, “আমার কাছে এটি শুধুই একটি পোশাক ছিল না। বরং প্রতিটি মায়ের অসংখ্য ত্যাগ, আমাদের জীবনকে গড়ে তোলার নিঃশর্ত ভালোবাসার প্রতি আমার হৃদয়ছোঁয়া শ্রদ্ধার্ঘ্য ছিল।” বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি অত্যন্ত গর্বিত বলে জানিয়েছেন। তিনি বলেন, আমার প্রিয় বাংলাদেশ থেকে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের মঞ্চে আমি এমন এক ভালোবাসার গল্প বহন করে নিয়ে এসেছি, যা আমাদের সবাইকে একসূত্রে গেঁথে রাখে। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগী এতে অংশ নিয়েছেন।










