আন্তর্জাতিক

ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

ভারতের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক শক্তিকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে চীন তাদের ওপর একযোগে অর্থনৈতিক চাপ প্রয়োগ ও সামরিক কৌশল গ্রহণ করছে। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব খর্ব করতে বেইজিং কাজ করছে। যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সেখানে ভারতকে চীনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কমিশনের ‘চীনের আরেকটি রণাঙ্গন: ভারত এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলের ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ায় ক্ষমতার ভারসাম্য রক্ষার ক্ষেত্রে ভারত যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের বিকল্প হিসেবে বৈশ্বিক উৎপাদন ব্যবস্থায় ভারতের উত্থানকে চীন তাদের প্রতি বড় হুমকি মনে করে। এ কারণেই বেইজিং ভারতের শিল্প কাঁচামাল ও প্রযুক্তিগত অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে অর্থনৈতিক অস্ত্র হিসেবে রপ্তানি বিধিনিষেধ ব্যবহার করছে। পাশাপাশি চীনের সরবরাহ ও উৎপাদন ব্যবস্থার বিকল্প হিসেবেও ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর ফলে এ অঞ্চলে ভারতের দীর্ঘদিনের কৌশলগত সুবিধা ক্ষতিগ্রস্ত হতে পারে। তুলনামূলক বিকল্পের অভাব এবং বেইজিংয়ের বিপুল আর্থিক সক্ষমতা এ ক্ষেত্রে চীনকে বাড়তি সুবিধা দিচ্ছে।

প্রতিবেদনে গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে ঘটা সংঘাতের প্রসঙ্গটি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। গত বছরের এপ্রিলে জম্মু-কাশ্মীরে ২৬ জন বেসামরিক নাগরিক হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছিল। সেই সংঘাত চলাকালে পাকিস্তান যে সরাসরি চীনের প্রযুক্তিগত সহায়তা পেয়েছিল, তা চলতি বছরের শুরুতে প্রথমবারের মতো বেইজিং স্বীকার করেছে। মার্কিন এই কমিশন একে চীন-পাকিস্তান সামরিক সহযোগিতার বড় উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। ওই হামলার পেছনে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের দায়ী করে নয়াদিল্লি।

চীনের এই ধরনের কর্মকাণ্ড ভারতকে দুই দিক থেকে সমন্বিত সামরিক হুমকির মুখে ফেলে দিচ্ছে। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও সংকটের সময় কীভাবে একটি দেশের সামরিক সক্ষমতা বাড়ানো যায়, পাকিস্তান ও চীনের এই সামরিক সম্পর্ক তার স্পষ্ট উদাহরণ। এছাড়া ভারত মহাসাগরে চীনের সামরিক ও নৌ-উপস্থিতি বাড়ানো এবং বিভিন্ন দেশে বড় আকারের অবকাঠামো প্রকল্পের মাধ্যমে প্রভাব বিস্তারের বিষয়টিও দিল্লির জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ২০২৫ সালের মে মাসের সংঘাত দেখিয়েছে, সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও কীভাবে একটি সংকটের সময় পাকিস্তানের সামরিক সক্ষমতা বাড়াতে পারে চীন।

এই পরিস্থিতি মোকাবিলায় ভারতের সঙ্গে সহযোগিতা আরও বৃদ্ধির সুপারিশ করেছে মার্কিন কমিশন। ভারতের সামরিক নজরদারি সক্ষমতা বাড়াতে এবং সামুদ্রিক গোয়েন্দা তথ্য বিনিময়ের ওপর বিশেষ জোর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানকে ভারতীয় সমকক্ষদের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার নির্দেশনা দিতে কংগ্রেসকে আহ্বান জানানো হয়েছে।

শুধু যৌথ মহড়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে গোয়েন্দা তথ্যের আদান-প্রদান এবং চীনা যুদ্ধজাহাজ ও সাবমেরিনের গতিবিধি যৌথভাবে পর্যবেক্ষণের মাধ্যমে দীর্ঘমেয়াদী সামরিক সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া দুই দেশের প্রতিরক্ষা, ব্যবসা ও শিক্ষাঙ্গনের নেতৃত্বের মধ্যে সম্পর্ক বাড়াতে ‘ইন্দো-আমেরিকান স্ট্র্যাটেজিক লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রাম’ চালু করার সুপারিশও করা হয়েছে।

সব মিলিয়ে, চীনের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা ও সামরিক প্রভাব মোকাবিলায় ভারতকে ওয়াশিংটন তাদের প্রধান কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করছে।