রাজনীতি

পররাষ্ট্র মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া

রাজনীতি ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

গত ১৯ নভেম্বর লালমনিরহাটের এক জনসভায় দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য ভারতীয় গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, প্রধানমন্ত্রী তার বক্তব্যে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি। বার্তা সংস্থা ইউএনবিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ বিষয়ে জানান, ভারতীয় কিছু সংবাদমাধ্যম প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যকে বিকৃত করে যে খবর প্রকাশ করেছে, তা একেবারেই সঠিক নয়।

ওই কর্মকর্তা আরও বলেন, বর্তমানে আওয়ামী ফ্যাসিস্ট চক্র দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তারা নিরপরাধ মানুষের ওপর ভয়াবহ নির্যাতন চালাচ্ছে এবং এই সন্ত্রাসকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিচ্ছে, যা বিভিন্ন দেশের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি যোগ করেন, এই জঘন্য তৎপরতার কারণে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং প্রবাসী বাংলাদেশিরাও অযাচিত সংকটের মুখে পড়ছেন। এমন হুমকি নির্মূলে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখতে হবে বলেও মত প্রকাশ করেন তিনি। নিরীহ মানুষের ওপর তারা যে গুরুতর সহিংসতা চালিয়েছে, তা পুরো বিশ্ব প্রত্যক্ষ করেছে। পেছন থেকে মানুষের ওপর হামলা চালিয়ে তাদের হত্যা করছে।

এর আগে শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে দুই দেশ কাজ করবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে ভারত বিরত রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলাই ভারতের ধারাবাহিক অবস্থান।

গত বৃহস্পতিবার লালমনিরহাট সদর উপজেলায় মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশ থেকে পালিয়ে গিয়েও একটি সন্ত্রাসী গোষ্ঠী অগ্নিসংযোগ ও মানুষ হত্যার পুরনো রাজনীতি নতুন করে শুরু করেছে। তিনি ২০২৪ সালের মতোই দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আসুন, ২০২৪ সালের ন্যায় আবারও আমরা প্রস্তুতি গ্রহণ করি, যাতে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দেওয়া সম্ভব হয়। আজ আমি দেশবাসীকে সেই প্রস্তুতির ডাক দিচ্ছি। ১৬ বছর জোর করে দেশ শাসনের পর তারা সীমান্ত পেরিয়ে পালিয়ে গেলেও আবারও অগ্নিসংযোগ ও মানুষ হত্যার রাজনীতি শুরু করেছে। সেখানে তিনি ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হয়ে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।