
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আবারো ঝরলো প্রাণ। গোপালগঞ্জের কাশিয়ানীতে দোলা পরিবহনের বাস ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রাইভেটকারের চালক ও এক যাত্রী রয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর ‘২৬) দুপুর সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলার শিবগাতি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস শিবগাতি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ক-১১-৪২৯৬ নম্বরের একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড সংঘর্ষে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয়। এতে গাড়িটির চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। প্রাইভেটকারের অপর এক যাত্রী গুরুতর আহত হন।
এদিকে সংঘর্ষের পর দোলা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের জঙ্গলের মধ্যে আছড়ে পড়ে। এতে বাসে থাকা ৪ থেকে ৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, কাশিয়ানী থানা পুলিশ ও ভাঙ্গা হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ভাঙ্গা হাইওয়ে পুলিশ নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকারটি বর্তমানে ভাঙ্গা হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় এলাকায় যানচলাচল বন্ধ থাকলেও পরে পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল ও আশপাশের এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।