
দেশে চলমান তীব্র দাবদাহের প্রকোপ কমানো এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সাতক্ষীরায় এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৭ জুন ‘২৬) ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ’-এর সাতক্ষীরা জেলা ফোরামের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ধর্মীয় উপাসনালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন সাতক্ষীরার প্রাণকেন্দ্রে অবস্থিত প্রাণসায়ের খালের পাড়, জেলা কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর, সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণ এবং জেলা কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে একযোগে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। রোপণকৃত গাছের মধ্যে রয়েছে কৃষ্ণচূড়া, কাঠবাদাম, অর্জুন, জারুলসহ বিভিন্ন ফুল, ফল ও ওষধি জাতীয় বৃক্ষ। আয়োজকরা জানান, এই তীব্র গরমে পথচারীদের ছায়া ও তৃপ্তি দিতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে।
কর্মসূচিতে উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন সাতক্ষীরা সরকারি কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান আ.ন.ম. গাউছার রেজা। যুবকদের এই উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন:
“সংগঠনের এমন বৃক্ষরোপণ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বৈশ্বিক উষ্ণায়ন কমাতে এবং কলেজের প্রাঙ্গণ আরও সবুজময় করে তুলতে এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। একইসাথে শিক্ষার্থীরা এই গাছের পরিচর্যা করবে, যা তাদের ভেতর পরিবেশ সচেতনতা আরও বাড়িয়ে তুলবে।”
সংগঠনের জয়েন্ট কো-অর্ডিনেটর সুদীপ্ত দেবনাথ কর্মসূচির মূল লক্ষ্য তুলে ধরে বলেন, একই দিনে প্রাণসায়ের খাল পাড়, সরকারি কলেজ, কেন্দ্রীয় মসজিদ ও কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে একদিকে যেমন জলবায়ুর ক্ষতিকর প্রভাব কমানোর চেষ্টা করা হয়েছে, অন্যদিকে সমাজের সব স্তরের মানুষের মাঝে সামাজিক সম্প্রীতির এক অনন্য বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে।
জেলা কো-অর্ডিনেটর রুদ্র রায় জানান, তীব্র দাবদাহের প্রকোপ থেকে প্রকৃতি ও মানুষকে বাঁচাতে তাদের এই প্রয়াস। আগামীতেও পরিবেশ রক্ষায় সংগঠনের এমন সবুজ উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন তাপস সরকার, মুশফিক উর রহমান, শ্বাশ্বত বিশ্বাস, আবু রায়হান, মাসুম বিল্লাহ, সংগ্রাম বিশ্বাস, তন্ময়সহ অন্যান্য সাধারণ সদস্য ও স্থানীয় যুব স্বেচ্ছাসেবীবৃন্দ।
একই সাথে শিক্ষা প্রতিষ্ঠান ও প্রধান প্রধান ধর্মীয় উপাসনালয়গুলোকে কেন্দ্র করে যুব সমাজের এমন পরিবেশবান্ধব ও দূরদর্শী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাতক্ষীরার সুশীল ও সচেতন সমাজ।