সিলেট মহানগরীতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন এই সময়সীমায় মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে।
শনিবার (২১ নভেম্বর) এসএমপি পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত সময়ে যথাযথ ও যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হওয়া যাবে না।
তবে জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হবেন, তাদের অবশ্যই মোটরসাইকেলের হালনাগাদ কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে। জনস্বার্থে এই বিশেষ নির্দেশনা কার্যকর করা হয়েছে বলে এসএমপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।







