সিলেট

সিলেটে প্রবাসীদের অনাবাদি জমি চাষে আনার পরিকল্পনা প্রশাসনের

সিলেট ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

সিলেটে প্রবাসীদের মালিকানাধীন বছরের পর বছর অনাবাদি পড়ে থাকা জমিগুলো কৃষিকাজের আওতায় আনার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ কাজে সরকারি নিবন্ধিত কৃষক ও বিভিন্ন সমবায় সংগঠনকে সম্পৃক্ত করার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন এসব পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসীদের মালিকানাধীন অনাবাদি জমিগুলো চিহ্নিত করে সেগুলো চাষযোগ্য কি না, তা যাচাই-বাছাই করা জরুরি। একই সঙ্গে রোপা আমন ধান কাটার প্রক্রিয়া যেন শতভাগ সম্পন্ন হয়, সেদিকেও কঠোর নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সভায় জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় জানিয়েছে, সিলেটে ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া গত ১৪ নভেম্বর থেকে ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ১ ডিসেম্বর থেকে আমন চাল সংগ্রহের কাজ শুরু হবে।

পর্যটন খাতের উন্নয়নেও বিশেষ পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রের পরিধি বাড়ানো, অবকাঠামোগত উন্নয়ন এবং দোকান ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর সিদ্ধান্ত হয়েছে। সাদাপাথর-সংলগ্ন বাংলাদেশ রেলওয়ের বাংকার এলাকাটি পর্যটন স্পট হিসেবে ব্যবহারের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার কথা জানানো হয়। এছাড়া ভোলাগঞ্জ স্থলবন্দরের উল্টো দিকে ৩৬ একর জমি সীমানাপ্রাচীর দিয়ে ঘিরে সেখানে নতুন পর্যটন তথ্যকেন্দ্র গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। এ লক্ষ্যে প্রস্তাবিত প্রায় ৩৬ একর জমিতে পাকা সীমানাপ্রাচীর নির্মাণ করা হবে। একই সঙ্গে জেলার পর্যটন খাতের অন্যতম আকর্ষণ কোম্পানীগঞ্জের সাদাপাথরকে আরো পরিকল্পিত ও পর্যটকবান্ধব করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া, ভোলাগঞ্জ স্থলবন্দরের বিপরীত পাশে পর্যটকদের জন্য তথ্যকেন্দ্র স্থাপনের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সাদাপাথর-সংলগ্ন খাসজমিতে গড়ে ওঠা দোকানপাটকে নির্দিষ্ট নিয়মের মধ্যে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে।

পর্যটন এলাকায় শৃঙ্খলা ফেরাতে মাসিক ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি রেস্তোরাঁ থেকে মাসে ৫ হাজার টাকা, প্রসাধনীর দোকান থেকে ২ হাজার এবং অন্যান্য দোকান থেকে দেড় হাজার টাকা ভাড়া আদায় করা হবে। এই অর্থ উপজেলা পর্যটন উন্নয়ন তহবিলের ব্যাংক হিসাবে জমা রাখতে হবে।

উন্নয়ন প্রকল্পের কাজের মান নিয়ে কোনো আপস করা হবে না জানিয়ে জেলা প্রশাসক চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ দিয়েছেন। দাপ্তরিক কাজে ব্যক্তিগত ই-মেইল বা মোবাইল নম্বরের পরিবর্তে দপ্তরের নির্ধারিত ঠিকানা ও নম্বর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের ‘১০২’ হটলাইন চালুর বিষয়টিও সভায় আলোচনা করা হয়েছে। বাস্তবায়নে কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমাধানের নির্দেশনাও দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানার সঞ্চালনায় সভায় সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনজুরুল আলম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।