সাতক্ষীরার কালীগঞ্জে ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক রাকিবুল ইসলামের (২৬) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে গিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের চাপ ও প্রভাব বিস্তারের মুখে পড়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত রাকিবুল ইসলাম উপজেলার মৌতলা গ্রামের সুলতান মাহমুদের ছেলে। তিনি কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর মহীউসসুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগে শিক্ষকতা করতেন।
ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ, গত ১০ নভেম্বর বিকেলে মাদ্রাসার অন্য শিক্ষার্থীদের বাইরে পাঠিয়ে সিঁড়ির পাশের একটি নির্জন কক্ষে শিশুটিকে ডেকে নেন ওই শিক্ষক। পরে তার মুখ চেপে ধরে জোরপূর্বক বলাৎকার করেন। এ ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এর আগে বিভিন্ন সময় শিশুটিকে দিয়ে নিজের গোপনাঙ্গে তেল মালিশ করিয়ে নেওয়া হতো বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবারের দাবি, অভিযুক্ত শিক্ষক বিষয়টি গোপন রাখতে শিশুটিকে ভয়ভীতি দেখান। এমনকি মাদ্রাসায় আটকে রেখে বাইরে যেতে না দেওয়া এবং অন্য শিক্ষার্থীদের দিয়ে পাহারা দেওয়ার অভিযোগও করেছেন শিশুটির বাবা।
ভয়ে প্রথমে কাউকে কিছু না বললেও শেষ পর্যন্ত গত ২০ নভেম্বর ২০২৬ বাড়িতে গিয়ে বাবা-মায়ের কাছে নির্যাতনের কথা খুলে বলে শিশুটি। এরপর তার বাবা শেখ তৈয়বুর রহমান মাদ্রাসায় গিয়ে মুহতামিম ইউনুস আলী ও সভাপতি মাসুদ রেজাকে বিষয়টি জানান।
ভুক্তভোগীর বাবা শেখ তৈয়বুর রহমানের অভিযোগ, ঘটনা জানার পর মাদ্রাসা কর্তৃপক্ষ প্রথমে অভিযুক্ত শিক্ষককে পালিয়ে যেতে সহায়তা করে। পরে শনিবার (২২ নভেম্বর) থানায় অভিযোগ দিতে গেলে মুহতামিম ও সভাপতি প্রভাব বিস্তার করে মাদ্রাসার পক্ষ থেকে একটি এবং তাঁকে দিয়ে পৃথক আরেকটি অভিযোগ জমা দেওয়ার ব্যবস্থা করেন। তাঁর দাবি, অভিযুক্ত শিক্ষককে রক্ষার উদ্দেশ্যেই এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে।
তিনি আরও জানান, মাদ্রাসায় যোগদানের পর থেকেই ওই শিক্ষকের বিরুদ্ধে চার-পাঁচজন কোমলমতি শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ ছিল। কিন্তু কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে তাঁর অভিযোগ।
এদিকে মাদ্রাসার মুহতামিম ইউনুস আলীর কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রথমে তিনি বলেন, মাদ্রাসার পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে এবং বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। পরবর্তী সময়ে তিনি বিষয়টি পত্রিকায় প্রকাশ না করার অনুরোধ করেন। অন্যদিকে মাদ্রাসার সভাপতি মাসুদ রেজা জানান, এ ব্যাপারে মাদ্রাসার পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
শিশুর প্রতি এমন গুরুতর অভিযোগের পরও বিষয়টি মীমাংসার চেষ্টা হচ্ছে কি না, অভিযুক্ত শিক্ষককে পালিয়ে যেতে সহায়তার অভিযোগের সত্যতা কী এবং মাদ্রাসা কর্তৃপক্ষের ভূমিকা কী ছিল—এসব প্রশ্নের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার।










