কলারোয়া

দিনমজুর-শ্রমিকের সঙ্গে চায়ের কাপে এমপি ইজ্জত উল্লাহর জনসংযোগ

দেশ টাইমস-
দেশ টাইমস- কলারোয়া ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

সারাদিনের কর্মব্যস্ততা শেষে চায়ের দোকানে বসে গল্প-আড্ডায় মেতেছিলেন দিনমজুর, শ্রমিক, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এমন সময় তাঁদের আড্ডায় যোগ দিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। কোনো আনুষ্ঠানিকতা কিংবা প্রটোকল ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে একই বেঞ্চে বসে চা পান করলেন, জানলেন তাঁদের খোঁজখবর, শুনলেন সুখ-দুঃখ ও নানা অভিজ্ঞতার কথা।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় কলারোয়া পৌরসভার ইউরেকা পেট্রোল পাম্প মোড় এবং পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তুলসীডাঙ্গা মোড়ের কয়েকটি চায়ের দোকানে গিয়ে এমন ব্যতিক্রমী সময় কাটান তিনি।

এ সময় সংসদ সদস্য সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাঁদের দৈনন্দিন জীবনযাপন, এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরও খোঁজখবর নেন। জনপ্রতিনিধিকে একেবারে কাছ থেকে পেয়ে উপস্থিত সাধারণ মানুষ ও কর্মী-সমর্থকদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। মুহূর্তেই সাধারণ চায়ের আড্ডা রূপ নেয় আন্তরিক মতবিনিময়ে।

চায়ের দোকানে উপস্থিত ষাটোর্ধ্ব দিনমজুর মশিউর রহমান বলেন, ‘আমরা প্রতিদিন কাজকর্ম শেষ করে এখানে এসে আড্ডা দিই। হঠাৎ দেখি এমপি সাহেব আমাদের এখানে এসে বসেছেন। একজন এমপি আমাদের মতো সাধারণ মানুষের সঙ্গে বসে চা খাচ্ছেন—এটা দেখে আমরা অবাক হয়েছি। তিনি যদি এভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশতে থাকেন, তাহলে তিনি সত্যিই জনগণের এমপি হয়ে উঠবেন।’

স্থানীয়দের মতে, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমাতে এ ধরনের অনানুষ্ঠানিক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ, মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা, প্রত্যাশা ও অভাব-অভিযোগ জানতে শুধু আনুষ্ঠানিক সভা-সমাবেশই নয়, প্রয়োজন সাধারণ মানুষের কাছে যাওয়ার মানসিকতা। চায়ের দোকানের এমন ছোট পরিসরের আড্ডাও হয়ে উঠতে পারে জনসম্পৃক্ততা ও জনমত জানার কার্যকর মাধ্যম।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী, জেলা শূরা সদস্য অধ্যাপক রেজাউল ইসলাম, কলারোয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, যুব বিভাগের উপজেলা সভাপতি শামসুল আলম বুলবুল, কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী, পৌর জামায়াতের আমীর ও মেয়র প্রার্থী ডা. মো. ইউনুছ আলী বাবু, জামায়াত নেতা আলমগীর হোসেন, আব্দুর রকিব, কবি আব্দুস সুবহান, জাহিদুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।

সাধারণ মানুষের সঙ্গে এই অনাড়ম্বর সময় কাটানোর মধ্য দিয়ে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ তৃণমূলের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি দৃষ্টান্ত তুলে ধরেছেন। তবে এমন যোগাযোগের ধারাবাহিকতা এবং আলোচনায় উঠে আসা জনদুর্ভোগ ও সমস্যার বাস্তবসম্মত সমাধানই এ উদ্যোগের কার্যকারিতা আরও বাড়াতে পারে।