আশাশুনি

আশাশুনিতে নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় কমিউনিটি ডায়ালগ, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান

দেশ টাইমস-
দেশ টাইমস- আশাশুনি ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারী অধিকার প্রতিষ্ঠা এবং বাল্যবিবাহ রোধে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) লাইট হাউস কনসোর্টিয়ামের পার্টনার সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় জলবায়ু ন্যায্যতা ও নাগরিকতা প্রোগ্রামের আওতায় এ সংলাপের আয়োজন করা হয়। এতে ৩২ জন যুব ও কিশোরী অংশগ্রহণ করেন।

‘Organize Community Dialogue (Gender Based Violence)’ শীর্ষক এ সংলাপে নারীর অধিকার, বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব ও প্রতিরোধ, জেন্ডারভিত্তিক সহিংসতার কারণ, প্রতিকার এবং আত্মরক্ষার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা শুধু ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা নয়, এটি একটি সামাজিক ব্যাধি। এ ধরনের সহিংসতা প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাল্যবিবাহ বন্ধ, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা এবং নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার মাধ্যমে নিরাপদ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

সংলাপে নির্যাতনের শিকার নারী ও কিশোরীদের ভয়, সামাজিক সংকোচ এবং লোকলজ্জা কাটিয়ে সাহসের সঙ্গে প্রতিবাদ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রয়োজনে পরিবারের সদস্য, বিশ্বস্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এ সময় জরুরি সেবা নম্বর ৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ১০৯ এবং শিশু সহায়তা নম্বর ১০৯৮ সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। পাশাপাশি নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও আইনগত সহায়তা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা আরও বলেন, সমাজে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হলে শুধু সচেতনতামূলক আলোচনা নয়, বরং প্রত্যেক পরিবার ও নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে কিশোরীদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস জোগানো জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়দল ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী দীপ্তি রানী রায় ও ইউনিয়ন নারী সহায়তা ফোরামের সদস্য পিংকি রায়। কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমন্বয়কারী মো. মোস্তফা কামাল।

উন্মুক্ত আলোচনা ও অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে কমিউনিটি ডায়ালগের সমাপ্তি ঘটে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে নারী ও কিশোরীদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি জেন্ডারভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ভূমিকা রাখবে।