মীর খাইরুল আলম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিবেদক:
সাতক্ষীরার দেবহাটায় প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। ফ্যাশন গার্মেন্টস ও মোবাইল ফোন সার্ভিসিং ট্রেডের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন করায় তাদের হাতে এ সনদ তুলে দেওয়া হয়।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার হাদিপুরে ডিজঅ্যাবল্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ) টার্ক প্রশিক্ষণ কেন্দ্রে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিআরআরএর উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় পরিচালিত সিসিপি-পিকেএসএফ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরআরএর ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজার মি. তরুণ সরকার। বক্তব্য দেন কেন্দ্র ইনচার্জ জি এম নুরন্নবী হাসান, জব প্লেসমেন্ট অফিসার জি এম আনজির হোসেন, ভোকেশনাল ইনস্ট্রাক্টর নাজিফা খাতুন, লিড ট্রেইনার নুর আমিন হোসেন ও আসিফ রেজা তিতাস। এ ছাড়া অ্যাসোসিয়েট ট্রেইনার সোহেল রানা ও স্বপ্না সরকার প্রশিক্ষণ কার্যক্রমের অভিজ্ঞতা ও প্রশিক্ষণার্থীদের অগ্রগতি তুলে ধরেন।
বক্তারা বলেন, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারবেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষে আরাফাত, আরিফ বিল্লাহ ও তন্ময় সরকার প্রশিক্ষণকালীন অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং ভবিষ্যতে কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার নতুন সম্ভাবনা তৈরি করেছে।
পরে অতিথিরা প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআরআরএর কেন্দ্র ইনচার্জ জি এম নুরন্নবী হাসান।










