সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলার তিন আসামিসহ বিভিন্ন মামলার ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তিন আসামি, আদালতের পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশাশুনি থানায় সন্ত্রাসবিরোধী আইনের পৃথক দুটি মামলার আসামি থানাঘাটা, মাড়িয়ালা গ্রামের ছহিল উদ্দিন সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (৪৬) এবং বড়দল বাজার এলাকার মৃত এস এম ইউনুছ আলীর ছেলে মো. আলমগীর হোসেন (৪২)। একই আইনের অপর একটি মামলার আসামি প্রতাপনগর গ্রামের মৃত মাজেদ হাওলাদারের ছেলে মো. মাকসুদুল রহমান (৪৫)।
এ ছাড়া সিআর-৫৬/২৬ মামলার আসামি ফকরাবাদ গ্রামের ইনসাফ আলী সরদারের ছেলে এস এম শাফিয়ার রহমান, নন-জিআর ১৩৬/২৬ মামলার আসামি জামালনগর গ্রামের ফকির গোলদারের ছেলে কালিদাশ গোলদার (৪০) এবং সাইবার সুরক্ষা আইনের ২৭৭/২৫ মামলার আসামি বুড়িয়া গ্রামের প্রবোধ কুমার মণ্ডলের ছেলে জোতিষ কুমার মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও আদালতের পরোয়ানা রয়েছে। অভিযান শেষে তাদের বুধবার আদালতে পাঠানো হয়েছে।
আশাশুনি থানার ওসি শাহিদুর রহমানের নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।










