রাজনীতি

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার

রাজনীতি ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার লক্ষ্যে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আবেদন করেছেন। রয়টার্সের কাছে আসা তথ্য অনুযায়ী, সোমবার ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এই আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এটিই তাঁর এমন কোনো আনুষ্ঠানিক পদক্ষেপের প্রথম উদাহরণ। রয়টার্সের হাতে আসা একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। শেখ হাসিনা কি শ্বশুরবাড়ি বেড়াইতে আসবেন যে তাঁকে পাসপোর্ট দেব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে হাইকমিশনে চিঠিটি পৌঁছে দেন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, বর্তমান অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার পাসপোর্ট এবং এনআইডি বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এমতাবস্থায় আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির বাধ্যবাধকতা এবং তাঁর নাগরিকত্বের অধিকার বিবেচনা করে নতুন নথিপত্র ইস্যুর অনুরোধ জানিয়েছেন তাঁর আইনজীবীরা। চিঠিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের যে বাধ্যবাধকতা রয়েছে, তা বিবেচনায় নিয়ে তাঁর আবেদনগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা হয়। এখনো দেশের একটি অংশের মানুষের মধ্যে তাঁর সমর্থন রয়েছে।

শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের দাবি, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই তাঁর দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ জানিয়ে দেওয়া হবে। যদিও তাঁর এই ফেরার পরিকল্পনা এবং প্রস্তুতির বিষয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে প্রতিক্রিয়া বা বর্তমান সরকারের অবস্থান সম্পর্কে এখনো পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা শেখ হাসিনার এই পদক্ষেপকে তাঁর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এর আগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্ট অভ্যুত্থানে প্রাণঘাতী দমনপীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে শেখ হাসিনাকে অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড প্রদান করেন। তবে নিজের বিরুদ্ধে আনীত যাবতীয় অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করেছেন নির্বাসনে থাকা সাবেক এই প্রধানমন্ত্রী। দুই বছরের বেশি সময় আগে এক রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে।

উল্লেখ্য, বিভিন্ন মেয়াদে টানা ২০ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা। তাঁর পতনের পর আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং দলের শীর্ষ পর্যায়ের অনেক নেতা বর্তমানে কারাবন্দী অথবা আত্মগোপনে রয়েছেন।

বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার এই দেশে ফেরার উদ্যোগটি বাংলাদেশের রাজনীতিতে নতুন করে অস্থিরতা বা বিভাজন তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে, তাঁকে আশ্রয় দেওয়া নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল, তাঁর এই প্রত্যাবর্তনের উদ্যোগ সেই সম্পর্কের ক্ষেত্রে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে নয়াদিল্লিতে প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে শেখ হাসিনার এই আবেদন পরবর্তী আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় কোন দিকে মোড় নেয়, তা এখন দেখার বিষয়।