রাজনীতি

রিজভী: দেশে আবারও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে

রাজনীতি ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

বিদেশের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশবিরোধী অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, একটি চক্র পরিকল্পিতভাবে দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য তৈরির চেষ্টা করছে। তবে জনগণের সম্মিলিত শক্তির মুখে এই ষড়যন্ত্র সফল হবে না বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রকৃতি-প্রত্যয় প্রকাশনার আয়োজনে অনুষ্ঠিত এই আয়োজনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক হীরা সোবাহান লিখিত বইটির মোড়ক উন্মোচন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, বর্তমানে ইউরোপ, আমেরিকা, ভারত এবং ব্যাংককসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে থাকা একটি গোষ্ঠী এআই প্রযুক্তির সহায়তায় নানা ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। অতীতে ইতিহাস ও তথ্য বিকৃতির মাধ্যমে যেভাবে একটি একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা কায়েমের অপচেষ্টা চালানো হয়েছিল, এখনো একই কায়দায় ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে আলোকপাত করে তিনি নড়াইল ও ফরিদপুরের ভাঙ্গায় হরতালের নামে চালানো তাণ্ডবের তীব্র নিন্দা জানান। এছাড়া কারাবন্দি মনির নামের এক কর্মীকে গুম করা এবং গোপালগঞ্জে মুক্তিপণের বিনিময়ে কয়েকজনকে ছেড়ে দেওয়ার মতো ঘটনার কথা উল্লেখ করে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

রিজভী বলেন, গুমের যে ভীতিজনক সংস্কৃতি একসময় গড়ে উঠেছিল, তা এখনো সম্পূর্ণ দূর হয়নি। তবে এর মধ্যেও বর্তমান সরকার অত্যন্ত ধৈর্য ও শান্তভাবে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে। বিগত সরকারের শাসনামলের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করতে গিয়ে তিনি বলেন, আগে এ ধরনের অপরাধের ক্ষেত্রে ক্রসফায়ার বা রক্তপাতের মতো ঘটনা ঘটানো হতো, কিন্তু এখন সরকার আইনি পথে সমাধানের চেষ্টা করছে। তিনি অপরাধী ও সন্ত্রাসীদের চিহ্নিত করে প্রচলিত আইনের অধীনে এনে আদালতের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ক্ষমতার দম্ভে সেই সময় দেশের ইতিহাস, বিজ্ঞান এমনকি ভূগোলের মতো মৌলিক বিষয়গুলো পর্যন্ত বদলে ফেলার চেষ্টা হয়েছে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ও বৌদ্ধতত্ত্ববিদ ড. সুকোমল বড়ুয়া সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবীবুর রহমান প্রমুখ।