সারাদেশ

পাবনায় হাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাজনৈতিক নেতাকে গুলি

 সারাদেশ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

পাবনার সদর উপজেলার পুষ্পপাড়া হাটের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে দুই রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় পুষ্পপাড়া বাজারে অবস্থিত ইজারাদারের নিজস্ব কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সালাম (৫৭) এবং আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন (৩৫)।

নিহত আব্দুস সালাম আতাইকুলা থানার পুষ্পপাড়া গ্রামের আরজ আলীর ছেলে এবং রিপন হোসেন একই গ্রামের মেম্বর ওমেদ আলীর সন্তান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা সম্পর্কে মামা-ভাগিনা ছিলেন। ঘটনার সময় তারা উভয়েই অফিসের ভেতরে কাজ করছিলেন। এ সময় মুখোশধারী ৫ থেকে ৭ জনের একটি সশস্ত্র দল অতর্কিতে হামলা চালায়। দুর্বৃত্তরা প্রথমে সালামকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় ভাগিনা রিপন তাকে রক্ষার চেষ্টা করলে তাকেও গুলি করা হয়। ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, হাটটির আধিপত্য ও ইজারাসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ থেকেই এই জোড়া খুনের ঘটনা ঘটেছে। সালাম বিগত সাত বছর ধরে এই হাটের ইজারাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয়ভাবে এই গরুর হাটটি উত্তরবঙ্গের অন্যতম বড় ও কোটি টাকার বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে এখানে আধিপত্য বিস্তার নিয়ে অস্থিরতা ও অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এছাড়া সালামের বড় ভাই পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা, যিনি সম্প্রতি কারাভোগ শেষে জামিনে মুক্ত হয়েছেন।

আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ শুরু হয়েছে। জোড়া খুনের এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।