ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় দুই বোন নিহত হয়েছে। ময়মনসিংহের তারাকান্দায় কাজে যাওয়া মাকে বিদায় দিয়ে বাড়ি ফিরছিল দুই বোন।
বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। দুর্ঘটনার পর চালক দ্রুত ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। নিহত শিশুরা হলো পশ্চিম তালদিঘী এলাকার বাসিন্দা মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তার দম্পতির দুই মেয়ে আরবিয়া আক্তার (৮) এবং রাবিয়া আক্তার (৬)। তাদের মধ্যে আরবিয়া স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে এবং রাবিয়া একই বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে পড়ত। পথে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় তারা। দুর্ঘটনার পর চালক গাড়িসহ পালিয়ে যান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজ করেন। প্রতিদিনের মতো এদিন সকালেও তিনি কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন। এ সময় দুই মেয়ে তাঁর পিছু পিছু তালদিঘী মডেল মসজিদের সামনে পর্যন্ত চলে যায়। মা তাদের বাড়ি ফিরে যেতে বললে তারা সেখান থেকে ফিরছিল। এরপর মেসার্স ফকির হ্যাচারি অ্যান্ড ফিশারির সামনের মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় শেরপুরগামী একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকাল ৬টা ২৯ মিনিটে শিশু দুটি সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় নীল ও হলুদ রঙের একটি কাভার্ড ভ্যান তাদের আঘাত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রাশিদ জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটি শনাক্ত করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।







