শনিবার বিকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের মধ্যে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা জাগ্রত থাকলে কেউ বাংলাদেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দুঃসাহস দেখাতে পারবে না। প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান অনুষ্ঠানে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তাদের অভ্যর্থনা জানান। এরপর মঞ্চে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় এবং প্রধানমন্ত্রী উপস্থিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, স্থলভাগের নিরাপত্তার পাশাপাশি দেশের আকাশ ও সমুদ্র সীমার সার্বভৌমত্ব নিশ্চিত করা যেকোনো আধুনিক রাষ্ট্রের জন্য জরুরি। বাংলাদেশকে নিরাপদ ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণের পরিকল্পনা বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী বলেন, আমি বিশেষ করে সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। ১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত দেশ এবং জনগণের সার্বভৌমত্ব এবং অধিকার রক্ষায় লাখো মানুষ শহীদ হয়েছেন।
প্রধানমন্ত্রী জানান, তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায় যখন তা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে কাজ করে। এই উদ্দেশ্য নিয়ে সরকার নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে। বর্তমান বিশ্বের নিরাপত্তা ব্যবস্থা প্রথাগত সীমানা পেরিয়ে প্রযুক্তি নির্ভর হয়ে ওঠায় সরকার সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশ ভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জনে গুরুত্ব দিচ্ছে।
আধুনিকায়ন ও প্রশিক্ষণের মাধ্যমে একটি পেশাদার ও সুশৃঙ্খল বাহিনী গড়ে তোলাই সরকারের লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর শক্তিমাত্রার মূলে রয়েছে চেইন অব কমান্ড। একইসঙ্গে সততা, দক্ষতা ও জনগণের আস্থা সামরিক বাহিনীর সাফল্যের অবিচ্ছেদ্য অংশ।
৭১ সালের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের প্রথম কর্তব্য। দ্বিতীয়ত, তাদের স্বপ্নের একটি নিরাপদ, স্বনির্ভর ও গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।










