অপরাধ ও দুর্নীতি

কলারোয়ায় শারীরিক ও বাকপ্রতিবন্ধি শিশু ধর্ষণ: এক ভ্যান চালকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

দেশ টাইমস-
দেশ টাইমস- অপরাধ ও দুর্নীতি ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

রঘুনাথ খাঁ, জ্যেষ্ঠ প্রতিবেদক:

এক শারীরিক ও বাক প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করে ইব্রাহীম গাজী নামের এক ভ্যান চালকককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বৃহষ্পতিবার (১৯ নভেম্বর ‘২৬) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আবু বক্কর ছিদ্দিক এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণাকালে আসামী আদালতের কাঠগড়ায় হাজির ছিল।

সাজাপ্রাপ্ত ইব্রাহীম গাজী (২২) সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত শহর আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায় স্বামীর সঙ্গে তালাক হয়ে যাওয়ার পর কলারোয়া উপজেলা সদরের একটি গ্রামের এক নারী তার শারীরিক ও বাকপ্রতিবন্ধি মেয়েকে মায়ের কাছে রেখে বিয়ে করে নতুন ঠিকানায় চলে যান। ২০২৫ সালের ১২ মার্চ সকাল ১০টার দিকে বাড়িতে ফিরে প্রতিবন্ধি নাতনীকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী আবুল হোসেনের বাড়ির সামনের মোড়ের নিকটবর্তী ইব্রাহীম গাজীর বাড়ির বাঁশের বেড়া খুলে নাতনিকে বের হতে দেখেন। এরপর তার পরিহিত শালোয়ার কামিজে ও শরীরে ধর্ষণের আলামত দেখতে পান। একপর্যায়ে বিষয়টি স্থানীয়দেও অবহিত করলে তারা ইব্রাহীম গাজীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে ওই প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের কথা স্বীকার করে। ক্ষুব্ধ লোকজন ইব্রাহীম গাজীকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ওই শিশুর নানী বাদী হয়ে ইব্রাহীম গাজীর নাম উল্লেখ করে ২০২৫ সালের ১২ মার্চ রাতে থানায় ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা (জিআর-৪২/২৫, কলারোয়া) দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা ওই বছরের ৩১ আগষ্ট আসামী ইব্রাহীম গাজীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বিচারের জন্য সাতক্ষীরা শিশু সহিংসতা ট্রাইব্যুনালে বদলী করা হয়। (শি. স ৪৩/২৬)। গ্রেপ্তারের পর থেকে ইব্রাহীম গাজী কারাগারে ছিলো।
মামলার নথি ও ১০ জন সাক্ষীর জেরা ও জবানবন্ধি পর্যালোচনা শেষে আসামী ইব্রাহীম গাজীর বিরুদ্ধে ওই প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক মোঃ আবু বক্কর ছিদ্দিক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

জানতে চাইলে প্রতিবন্ধি শিশুটির মা এ প্রতিবেদককে জানান, সাজা একটু কম হলে ভালো হতো।

কারাদণ্ডাদেশ জানার পর ইব্রাহীম হোসেন কান্নায় ভেঙে পড়ে বলে , সে ভুল করেছে।

আসামীপক্ষে আইনজীবী ছিলেন, অ্যাড. নূরুল আমিন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. মোঃ আকবর আলী ও সহকারি পিপি অ্যাড. ফেরদৌসী আরা (লুসি)।