জাতীয়

দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির, এনএসইউ প্রতিনিধিদের সাথে বৈঠক

জাতীয় ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে উন্নতির পাশাপাশি দেশি-বিদেশি শ্রমবাজারের চাহিদাকে গুরুত্ব দিয়ে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। রোববার (২২ নভেম্বর) সকালে বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ অভিমত ব্যক্ত করেন। প্রতিনিধি দলে আরও ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সার, আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ ও মিসেস রেহানা রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বৃদ্ধি করতে হবে। যেসব শিক্ষাব্যবস্থা কর্মোপযোগী নয় এবং বেকারত্ব সৃষ্টি করে, তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তিনি শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার মতো যোগ্যতাসম্পন্ন হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সাক্ষাৎকালে এনএসইউ প্রতিনিধি দল জানায়, বিশ্ববিদ্যালয়টি বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৪০০টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যৌথ গবেষণা ও অ্যাকাডেমিক বিনিময়ের কাজ করছে। এনএসইউ থেকে স্নাতক সম্পন্ন করা প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী বর্তমানে দেশ ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এছাড়া, প্রায় ৪০০ বিঘা জমির ওপর নির্মিত বর্তমান ক্যাম্পাসের উন্নয়নের পাশাপাশি নতুন ক্যাম্পাসের মাধ্যমে গবেষণার অবকাঠামো ও সুযোগ-সুবিধা আরও সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কে তারা রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রতিনিধি দল উল্লেখ করে যে, ১৯৯৩ সালের ১০ ফেব্রুয়ারি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আলোচনার এক পর্যায়ে এনএসইউর ২৭তম সমাবর্তনে আচার্য হিসেবে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবরা উপস্থিত ছিলেন।