খুলনার ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। এদেরকে ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর ‘২৬) বেলা ৩টার দিকে অধিদপ্তরের এস আই জাহানারা খাতুন এবং এ এস আই আব্দুল হালিমের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া উপজেলা সদরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে উপজেলা সদরের আওয়ামীলীগ অফিসের পিছনের বাসিন্দা মৃত আব্দুল জব্বার সরদারের ছেলে রবিউল ইসলাম (৪৩) এবং থানা মোড়ের মহিলা কলেজ এলাকার বাসিন্দা বাবুল হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৩০) কে আটক করা হয়। আটকের সময় তারা উভয়ই গাঁজা ও ইয়াবা সেবন করছিল এবং তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন আভিযানিক টিমের প্রধান এস আই জাহানারা খাতুন।
আটকৃতদের সোমবার বিকালে খুলনার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-২ অপূর্ব বালার আদালতে হাজির করা হলে আদালত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সুমন হাওলাদারকে ১ বছরের কারাদন্ড সাথে ১হাজার টাকা জরিমানা এবং রবিউল ইসলামকে ৩ মাসের কারাদন্ড সাথে ১ হাজার টাকা জরিমানা করেন।