
সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যালয়ের সুপেয় পানি সংরক্ষণের ড্রাম চুরির প্রতিবাদ করায় দুই শিক্ষককে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এতে ৬০ নং পরাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ ও সহকারী শিক্ষক মো. সিরাজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। আহত দুই শিক্ষক বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সাতক্ষীরার সোমবার (১৪ সেপ্টেম্বর’২৬) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, বিদ্যালয়ের সুপেয় পানি সংরক্ষণের ড্রাম চুরির প্রতিবাদ করায় প্রধান শিক্ষক আবু হানিফ ও সহকারী শিক্ষক সিরাজুল ইসলামকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। ঘটনার বিষয়ে প্রধান শিক্ষক শ্যামনগর থানায় একটি এজাহার দাখিল করেছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন স্বাক্ষরিত চিঠিতে দুই শিক্ষককে মারাত্মক জখম করার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সাতক্ষীরার জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানানো হয়েছে। চিঠির অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা বিভাগীয় উপপরিচালক, সাতক্ষীরার পুলিশ সুপার ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে।