
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ‘সবুজ ও সহনশীল ইকো ভিলেজ’ ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ‘২৬) বিকেল ৩টায় দেবহাটা সদর ইউনিয়নের বসন্তপুর ও সুশীলগাঁতী এলাকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেবহাটা এরিয়া প্রোগ্রাম কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার ও সুশীলনের মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কালাম হোসেন। এছাড়া ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল মন্টু এবং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য রেহানা পারভীন, দেবহাটা এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পনসরশিপ ও চাইল্ড প্রটেকশন অফিসার পল্টন বিশ্বাস এবং ভিডিএসের সভাপতি উত্তম কুমার।
অনুষ্ঠানে ভিডিসি, ভিডিএস, সিভিও এবং গ্রাম উন্নয়ন কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব। এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বসন্তপুর ও সুশীলগাঁতীকে ‘সবুজ ও সহনশীল ইকো ভিলেজ’ হিসেবে ঘোষণা করা হয়। এ উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় জনগণ ও বিভিন্ন কমিটির সদস্যরা সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।