খুলনার ডুমুরিয়ায় পুকুর থেকে মানষিক ভারসম্যহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর ‘২৬) দিবাগত রাতে উপজেলা পরিষদ কমপ্লেক্সের পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে বলে ডুমুরিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে।
থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান, জনৈক আনসার সদস্যের ফোন পেয়ে ওই পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়। এরপর মরদেহটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে ছবি দেখে তার পরিবারের সদস্যরা থানায় যোগাযোগ করে, এসময় মৃতের চাচা মোস্তফা সরদার লাশটি দেখে সনাক্ত করতে সক্ষম হন। মৃত যুবকের নাম আবুল কাশেম সরদার (২৮), তিনি উপজেলার সাহস ইউনিয়নের কুমারঘাটা গ্রামের সোহরাব সরদারের ছেলে বলে জানা গেছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আবুল কাশেম দীর্ঘদিন যাবৎ মানষিক ভারসাম্যহীন হয়ে পড়েছে তাকে মানষিক ডাক্তারের নিকট থেকে চিকিৎসা করানো হচ্ছে। সে কখনও কখনও হটাৎ নিখোঁজ হয়ে যায়, আবার ২/৩ দিন পরে নিজেই বাড়ি ফিরে আসে। সবশেষ সোমবার ৩১ আগষ্ট রাত ১২টার দিকে নোয়াকাঠি এলাকা থেকে সে হারিয়ে যায়, পরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারন নির্ণয়ের জন্যে মৃতদেহটি ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।