মোঃ হাফিজুর রহমান, নিজস্ব প্রতিবেদক :
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং উপকূলীয় কৃষকদের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু সহনশীল বিভিন্ন কৃষিজাত, ফসলের উন্নত জাত, উৎপাদন পদ্ধতি ও কৃষি অনুশীলনের সঙ্গে স্থানীয় কৃষকদের পরিচিত ও অভ্যস্ত করে তোলার উদ্দেশ্যে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
রোববার (২২ নভেম্বর ২০২৬) শ্যামনগর উপজেলার ২ নম্বর কাশিমাড়ি ইউনিয়নের দৌল-শংকরকাটি গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে এবং Global Alliance for Improved Nutrition (GAIN)-এর অর্থায়নে পরিচালিত Climate Action at Local Level (CALL) প্রকল্পের উদ্যোগে এ কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রায় ১২৫ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে অন্যতম। ঘন ঘন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, জলাবদ্ধতা, খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং কৃষিজমিতে লবণাক্ততার অনুপ্রবেশ এ অঞ্চলের কৃষি ও খাদ্য উৎপাদন ব্যবস্থাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলছে। পাশাপাশি সেচের জন্য মিঠা পানির সীমিত প্রাপ্যতা কৃষকদের কৃষিকাজ পরিচালনায় বাড়তি প্রতিবন্ধকতা তৈরি করছে। ফলে প্রচলিত কৃষি ব্যবস্থার পাশাপাশি জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি সম্প্রসারণ এখন সময়ের দাবি।
এ বাস্তবতা বিবেচনায় উপকূলীয় জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষকদের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই জীবিকা গড়ে তোলার লক্ষ্যে লিডার্স CALL প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
প্রকল্পের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গত মৌসুমে ৩৮৬ জন কৃষকের মধ্যে জলবায়ু সহনশীল শাকসবজি চাষ, নেপিয়ার ঘাস চাষ, কমলা সুন্দরী মিষ্টি আলু উৎপাদন, ঘেরের আইলে বস্তা ও মাচা পদ্ধতিতে সবজি চাষ এবং উন্নত জাতের ধানের প্রদর্শনী বাস্তবায়ন করা হয়। এসব উদ্যোগে আশাব্যঞ্জক ফলন পাওয়া গেছে। পাশাপাশি কৃষকদের মধ্যে নতুন নতুন কৃষিপদ্ধতি ও জলবায়ু সহনশীল ফসল চাষের প্রতি আগ্রহ ও ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।
এই অর্জন ও অভিজ্ঞতা আরও বেশি কৃষকের মধ্যে ছড়িয়ে দিতে আয়োজিত মাঠ দিবসে লবণসহনশীল ও উচ্চফলনশীল মিষ্টি কুমড়ার সুইটিএফ-১ ও মায়াএফ-১ জাত, ব্রি ধান-১০৩, বিনা ধান-২৩, ব্রি ধান-১১২ এবং বিভিন্ন জাতের তরমুজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এসব ফসলের জাত পরিচিতি, বৈশিষ্ট্য, চাষাবাদের উপযুক্ত সময়, জমি প্রস্তুত, বীজ বপন, পরিচর্যা, সার ও সেচ ব্যবস্থাপনা, রোগবালাই দমন, উৎপাদন প্রক্রিয়া এবং সম্ভাব্য ফলন সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়।
এ ছাড়া প্রচলিত দেশি জাতের সঙ্গে উন্নত ও লবণসহনশীল জাতগুলোর পার্থক্য, উৎপাদন ব্যয়, ফলন এবং উপকূলীয় এলাকার মাটি ও আবহাওয়ার সঙ্গে এসব জাতের উপযোগিতা নিয়েও আলোচনা করা হয়। কৃষকদের সামনে বিভিন্ন ফসলের উৎপাদন কৌশল তুলে ধরার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার আলোকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে কৃষিকাজ পরিচালনার বিভিন্ন উপায় সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীরা জানান, উপকূলীয় এলাকায় লবণাক্ততা ও পানির সংকটের কারণে অনেক সময় প্রচলিত পদ্ধতিতে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করা সম্ভব হয় না। এ অবস্থায় লবণসহনশীল ও উচ্চফলনশীল ফসলের জাত এবং বিকল্প চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠ দিবসের মাধ্যমে তারা নতুন জাত ও প্রযুক্তি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পেয়েছেন। পাশাপাশি এসব জাত ও পদ্ধতি নিজেদের জমিতে প্রয়োগ করার আগ্রহ প্রকাশ করেন।
মাঠ দিবসের মাধ্যমে প্রায় ১২৫ জন কৃষক ও কৃষাণী জলবায়ু সহনশীল কৃষি উৎপাদন পদ্ধতি, উন্নত জাতের ফসলের বৈশিষ্ট্য ও চাষাবাদের কৌশল সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। একই সঙ্গে তারা নিজেদের কৃষিজমিতে আলোচিত জাত ও পদ্ধতি পরীক্ষামূলকভাবে চাষ এবং পর্যায়ক্রমে সম্প্রসারণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
কৃষক মাঠ দিবসে সভাপতিত্ব করেন ২ নম্বর কাশিমাড়ি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল কবির (বাবু)। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে কৃষকদের বিভিন্ন কৃষি বিষয়ক পরামর্শ ও কারিগরি তথ্য প্রদান করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শামছুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ও ইউনিয়ন পুষ্টি কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্য শাহিদা বেগম, ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের সরদার, বিশিষ্ট সমাজসেবক নূর হোসেন এবং ইয়োথ ক্লাইমেট জাস্টিস গ্রুপের (YCJG) সভাপতি মশিউর রহমান।
এ ছাড়া লিডার্সের CALL প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মৃনাল কুমার সরকার, ফিল্ড অফিসার মো. কানিজুর রহমান, সালমা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষক-কৃষাণী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের কৃষি ব্যবস্থা দিন দিন কঠিন হয়ে উঠছে। এ পরিস্থিতিতে শুধু প্রচলিত কৃষি পদ্ধতির ওপর নির্ভরশীল থাকলে কৃষকদের উৎপাদন ও আয় ধরে রাখা কঠিন হবে। তাই স্থানীয় পরিবেশ ও মাটির উপযোগী লবণসহনশীল ফসলের জাত নির্বাচন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে কৃষকদের মধ্যে সফল কৃষি উদ্যোগগুলোর অভিজ্ঞতা ছড়িয়ে দিতে পারলে উপকূলীয় কৃষি ব্যবস্থাকে আরও সহনশীল ও টেকসই করা সম্ভব হবে।
তারা আরও বলেন, কৃষক মাঠ দিবসের মতো উদ্যোগ কৃষকদের নতুন প্রযুক্তি ও কৃষি উদ্ভাবনের সঙ্গে পরিচিত করার পাশাপাশি নিজেদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে। এর মাধ্যমে কৃষকরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে উৎপাদন অব্যাহত রাখতে পারবেন এবং স্থানীয় পর্যায়ে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কৃষক মাঠ দিবস ও প্রদর্শনী কার্যক্রমের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল কৃষি চর্চার প্রসার ঘটবে। কৃষকরা নতুন জাত ও প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত হবেন এবং ভবিষ্যতে এসব সফল উদ্যোগ বৃহত্তর কৃষক জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়বে। এর ফলে উপকূলীয় অঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা আরও শক্তিশালী হবে।






