মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা প্রক্রিয়া আরও স্বচ্ছ, সুশৃঙ্খল এবং জবাবদিহিমূলক করার লক্ষ্যে সংশ্লিষ্ট মেডিক্যাল সেন্টারগুলোকে ১১টি নতুন নির্দেশনা দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বর্তমানে মালয়েশিয়া সরকারের অনুমোদনপ্রাপ্ত ৫১টি মেডিক্যাল সেন্টার এই স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করছে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কড়াকড়ি আরোপের বিষয়টি জানানো হয়।
নির্দেশনা অনুযায়ী, মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠানের পাঠানো চাহিদাপত্র বা ডিমান্ড লেটারে উল্লেখ থাকা কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিক্যাল স্লিপ ইস্যু করতে হবে। কোনোভাবেই নির্ধারিত সংখ্যার চেয়ে ৫ শতাংশের বেশি স্লিপ দেওয়া যাবে না। নিজ ইচ্ছায় বা অতিরিক্ত কর্মী পাঠানোর লক্ষ্যে কোনো কেন্দ্র এই সীমা লঙ্ঘন করতে পারবে না। এছাড়া প্রতিটি মেডিক্যাল সেন্টারকে প্রতিদিনের পরীক্ষার তথ্য নিয়ে ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন তৈরি করে তা অনলাইনে নিয়মিতভাবে মন্ত্রণালয়ে দাখিল করতে হবে। এসব প্রতিবেদনে কর্মীর নাম, পাসপোর্ট ও ভিসা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক।
মন্ত্রণালয় স্পষ্ট করেছে, স্বাস্থ্য পরীক্ষার নির্ধারিত ফি ৮ হাজার টাকার বেশি কোনোভাবেই আদায় করা যাবে না। পাশাপাশি মাইগ্রাম নামে কোনো প্রকার বাড়তি অর্থ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। একই কর্মীকে উদ্দেশ্যমূলকভাবে আনফিট ঘোষণা করে বারবার পরীক্ষা করানো যাবে না এবং কোনো ভুয়া বা জাল প্রতিবেদন তৈরি করা থেকে বিরত থাকতে হবে। যদি বাংলাদেশে ফিট ঘোষিত কোনো কর্মী মালয়েশিয়ায় গিয়ে নিয়োগপ্রাপ্ত হওয়ার আগে আনফিট হিসেবে বিবেচিত হন, তবে তাকে ফেরত পাঠানোসহ যাবতীয় খরচের দায়ভার সংশ্লিষ্ট মেডিক্যাল সেন্টারকেই বহন করতে হবে।
নির্ধারিত মান ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার পাশাপাশি সেন্টারগুলোতে পর্যাপ্ত বসার ব্যবস্থা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। নজরদারি বাড়াতে মন্ত্রণালয় থেকে শক্তিশালী মনিটরিং টিম গঠন করা হয়েছে। কোনো সেন্টার শর্ত ভঙ্গ করলে তাদের জামানত বাজেয়াপ্ত ও লাইসেন্স বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি মেডিক্যাল সেন্টারের প্রবেশপথে বড় আকারের বিলবোর্ড স্থাপন করতে বলা হয়েছে যাতে সেবাগ্রহীতারা সব তথ্য সহজে জানতে পারেন।










