জাতীয় পার্টি

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর কেন্দ্রের বিদ্যুৎ

জাতীয় পার্টি ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের ইতিহাসে এক নতুন মাইলফলক তৈরি করে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ একে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ও গ্রিড সংযোগ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন।

প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, এই প্রাথমিক সংযোগের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎ কেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সামগ্রিক সমন্বিত পরিচালন ব্যবস্থা ও স্থিতিশীলতা যাচাইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা চালানো হবে। এরপর বিদ্যুৎ কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযোগ দিয়ে আরও নিবিড় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কারিগরি পরীক্ষার ফলাফল সন্তোষজনক পাওয়া গেলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিয়ে পরবর্তী পর্যায়ের পরীক্ষামূলক পরিচালনা বা ট্রায়াল অপারেশন শুরু হবে। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের এই ট্রায়াল অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিট থেকে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ শুরু হবে। সূত্রমতে, সব পরীক্ষা সফলভাবে শেষ হলে আগামী ২১ নভেম্বরের মধ্যে বায়েরার চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে নিয়মিতভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রথম ইউনিটটি তার পূর্ণ সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াটে পৌঁছাতে আরও ৫ থেকে ৬ মাস সময় লাগতে পারে।

উল্লেখ্য, প্রথম ইউনিটের এই গ্রিড সংযোগ বা ফার্স্ট গ্রিড কানেকশন (এফজিসি) মূলত উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে সরবরাহের একটি পরীক্ষামূলক প্রক্রিয়া। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মানদণ্ড ও নির্দেশিকা মেনে ধাপে ধাপে এর উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।