সারাদেশ

সাতক্ষীরায় দুই দিন ধরে কান্নাকাটি করছেন বাক্‌প্রতিবন্ধী ব্যক্তি, খুঁজছেন পরিবারের সন্ধান

দেশ টাইমস-
দেশ টাইমস-  সারাদেশ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

সাতক্ষীরা শহরের হাটের মোড়ে গত দুই দিন ধরে অসহায় অবস্থায় বসে কান্নাকাটি করছেন এক বাক্‌প্রতিবন্ধী ব্যক্তি। কথা বলতে না পারায় নিজের নাম-পরিচয় কিংবা বাড়ির ঠিকানা জানাতে পারছেন না তিনি। সঙ্গে থাকা একটি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পরিবারের কাউকে পাওয়া যায়নি। অবশেষে মানবিক উদ্যোগে তাঁকে উদ্ধার করে পরিবারের সন্ধান ও বাড়ি পৌঁছে দেওয়ার সহযোগিতা চেয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে নিয়ে এসেছেন স্থানীয় এক ব্যক্তি।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দুপুরে হাটের মোড়ে ওই ব্যক্তিকে কান্নাকাটি করতে দেখে এগিয়ে যান পুরাতন সাতক্ষীরার বসতিপাড়ার বাসিন্দা মো. সহিদুজ্জামান (সাইদুল)। তিনি জানান, বাজারের ভেতর দিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তিকে অসহায় অবস্থায় বসে কাঁদতে দেখেন। কাছে গিয়ে কথা বলার চেষ্টা করলে বুঝতে পারেন, তিনি বাক্‌প্রতিবন্ধী। পরে বিভিন্ন অঙ্গভঙ্গি ও ইশারার মাধ্যমে নিজের অসহায়ত্ব প্রকাশ করতে থাকেন ওই ব্যক্তি।

সহিদুজ্জামান বলেন, ওই ব্যক্তি তাঁর পাজামা ধরে কান্নাকাটি করছিলেন। একপর্যায়ে মাথায় হাত বুলিয়ে তাঁকে সঙ্গে নিয়ে যাওয়ার আকুতি জানান। এ সময় নিজের কাছে থাকা কিছু টাকা দেখিয়ে এবং বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে সাহায্য চাইছিলেন তিনি।

ওই ব্যক্তির কাছে একটি মোবাইল নম্বর পাওয়া গেলেও সেটিতে একাধিকবার ফোন করে কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। উপস্থিত অন্যরাও নম্বরটিতে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়।

ইশারায় কথোপকথনের মাধ্যমে সহিদুজ্জামান জানতে পারেন, ওই ব্যক্তির একটি ছোট সন্তান রয়েছে। তবে তাঁর বাড়ি কোথায়, পরিবারের সদস্য কারা কিংবা কীভাবে তিনি সাতক্ষীরা শহরে এসে পৌঁছেছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এ অবস্থায় তাঁকে একা ফেলে না রেখে পরিবারের সন্ধান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশায় সাতক্ষীরা প্রেসক্লাবে নিয়ে আসেন সহিদুজ্জামান। তাঁর প্রত্যাশা, সংবাদটি প্রচারিত হলে স্বজন কিংবা পরিচিত কেউ তাঁকে চিনতে পারবেন এবং পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে।

সহিদুজ্জামান বলেন, “মানুষটি খুব অসহায় অবস্থায় ছিলেন। কান্নাকাটি করছিলেন, কিন্তু কথা বলতে পারছিলেন না। তাঁর কাছে কিছু টাকা রয়েছে এবং একটি ছোট সন্তান আছে বলে ইশারায় বোঝানোর চেষ্টা করেছেন। অনেক চেষ্টা করেও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তাই সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তাঁকে প্রেসক্লাবে নিয়ে এসেছি। কেউ তাঁকে চিনতে পারলে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে।”

মানবিক আবেদন: সাতক্ষীরাসহ আশপাশের এলাকার কোনো ব্যক্তি ওই বাক্‌প্রতিবন্ধী ব্যক্তিকে চিনতে পারলে, তাঁর পরিবারের সন্ধান জানলে কিংবা তাঁর স্বজনদের কাছে খবর পৌঁছে দিতে পারলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: মো. সহিদুজ্জামান (সাইদুল) বসতিপাড়া, পুরাতন সাতক্ষীরা। মোবাইল: ০১৭১৭১১৬৪৪২

একজন অসহায় মানুষকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবার সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।