গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পদ থেকে অব্যাহতি নিয়েছেন নরেশ বিশ্বাস (৩২)। তিনি ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। রবিবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগের কথা জানান।
লিখিত বক্তব্যে নরেশ বিশ্বাস জানান, অতীতে তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে বিভিন্ন পরিস্থিতির কারণে বিএনপির রাজনীতিতে যুক্ত হলেও বর্তমানে দলের কর্মকাণ্ড তার কাছে সন্তোষজনক মনে হয়নি। তিনি আরও বলেন, শারীরিক অসুস্থতা এবং পারিবারিক জটিলতার কারণেও দল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি জানান, সম্পূর্ণ সচেতন ও স্বেচ্ছায় তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ সম্মেলনে নরেশ বিশ্বাস সাফ জানিয়ে দেন যে, এখন থেকে বিএনপির কোনো সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে তিনি আর যুক্ত থাকবেন না। এছাড়া ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।










