সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় উদ্যোগ নেওয়া হয়েছে। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর বিশেষ উদ্যোগে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে দুই উপজেলার ১৩টি গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণ ও সংস্কার করা হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ।
প্রকল্প সূত্রে জানা গেছে, দুই উপজেলায় মোট ৭ দশমিক ২০৬ কিলোমিটার গ্রামীণ সড়কের উন্নয়নকাজ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে তালা উপজেলায় ৫ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ১০টি এবং কলারোয়া উপজেলায় ৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে তিনটি সড়ক সংস্কার ও পাকাকরণ করা হবে।
তালা উপজেলার নগরঘাটা, ইসলামকাটি, তেঁতুলিয়া, মাগুরা, খেশরা, তালা সদর, কুমিরা, সরুলিয়া ও জালালপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এ প্রকল্পের আওতায় রয়েছে। অন্যদিকে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়ন, কলারোয়া পৌরসভা ও সোনাবাড়ীয়া ইউনিয়নের বেহাল সড়কগুলো সংস্কার ও পাকাকরণ করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসব সড়কের অনেক স্থানে দীর্ঘদিন ধরে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। খানাখন্দ, ভাঙাচোরা রাস্তা ও চলাচলের অনুপযোগী অবস্থার কারণে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয়।
সড়কগুলোর উন্নয়নকাজ সম্পন্ন হলে দুই উপজেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা। এতে মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ আরও সহজ হবে। একই সঙ্গে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি সঞ্চারিত হবে।
দীর্ঘদিনের প্রত্যাশিত এ উন্নয়ন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে কাজের মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন করা হলে তালা ও কলারোয়ার যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে।










