অর্থনীতি

২২ হাজার ৫০০ টাকার অভাবে মহাখালী ক্যান্সার হাসপাতালেই পড়ে আছে শ্যামনগরের ইমামের মরদেহ

দেশ টাইমস-
দেশ টাইমস- অর্থনীতি ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এক অসহায় পরিবারের হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হয়েছে। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা গেছেন উপজেলার ৩ নম্বর শ্যামনগর ইউনিয়নের বাইতুল আমান জামে মসজিদের ইমাম। কিন্তু হাসপাতালের বকেয়া বিল ও অ্যাম্বুলেন্স ভাড়া পরিশোধের ২২ হাজার ৫০০ টাকা জোগাড় করতে না পারায় ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে আটকে আছে তাঁর মরদেহ। প্রিয়জনকে হারানোর শোকের মধ্যেও অর্থাভাবে মরদেহ বাড়িতে নিয়ে দাফনের ব্যবস্থা করতে পারছেন না পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন ওই ইমাম। তাঁর চিকিৎসা করাতে গিয়ে পরিবারের জমানো সব অর্থ শেষ হয়ে গেছে। ধারদেনা করেও চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে এখন চরম আর্থিক সংকটে পড়েছে পরিবারটি। এরই মধ্যে তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কিন্তু শেষবারের মতো প্রিয়জনের মরদেহ বাড়িতে ফিরিয়ে নেওয়ার সামর্থ্যটুকুও হারিয়েছে তাঁরা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালের বকেয়া বিল ও অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ মোট ২২ হাজার ৫০০ টাকা প্রয়োজন। এই অর্থ পরিশোধ করতে না পারায় মরদেহ বাড়িতে নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালের বারান্দায় মরদেহ নিয়ে চরম অসহায় অবস্থায় রয়েছেন স্বজনেরা।

এ পরিস্থিতিতে মরহুমের পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান, প্রবাসী, মানবিক সংগঠন ও সহৃদয় ব্যক্তিদের প্রতি সহযোগিতার আবেদন জানানো হয়েছে। কেউ ১০০, ২০০, ৫০০, ১ হাজার কিংবা ৫ হাজার টাকা—নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহায়তা করলে মরদেহ বাড়িতে নিয়ে দাফনের ব্যবস্থা করা সম্ভব হবে বলে পরিবারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

সহযোগিতা পাঠানোর জন্য যোগাযোগ:

নাম: হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম (মরহুমের ছেলে)

বিকাশ: ০১৯২২০১৫৫৭১ (পার্সোনাল)

একজন মসজিদের ইমাম জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের কল্যাণে ধর্মীয় দায়িত্ব পালন করেছেন। অথচ মৃত্যুর পর তাঁর মরদেহ বাড়িতে ফিরিয়ে নিতে পরিবারের এই অসহায়ত্ব মানবিক বিবেককে নাড়া দিয়েছে। শোকাহত পরিবারটির এই কঠিন সময়ে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিশেষ অনুরোধ: আর্থিক সহযোগিতা পাঠানোর আগে মরহুমের পরিবারের সঙ্গে সরাসরি কথা বলে পরিচয়, পরিস্থিতি এবং প্রয়োজনীয় অর্থের পরিমাণ যাচাই করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।