আইন-আদালত

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দেশ টাইমস-
দেশ টাইমস- আইন-আদালত ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

সাতক্ষীরার আশাশুনিতে থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের কাছ থেকে আট পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অপর দুজনের একজন নিয়মিত মামলার এবং অন্যজন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি।

শনিবার (১৪ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আশাশুনি থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে শ্রীউলা গ্রামের মৃত শফিকুল ইসলাম সরদার ওরফে বল্লার ছেলে রিয়াজুল ইসলাম সরদারকে আট পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া নিয়মিত মামলার আসামি কলিমাখালী গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাহাবুবুর রহমান এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি কল্যাণপুর গ্রামের মৃত আমির উদ্দিন গাজীর ছেলে মুজাহিদ গাজীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিনজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শনিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।