গাজী জাহিদুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার তালায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগ, ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সরকারবিরোধী স্লোগান ও মিছিল করার অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমান সভাপতি, ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগ ও যুবলীগের নেতাসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) তালা থানায় দায়ের করা এ মামলার নম্বর ৭। মামলার বাদী তালা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুজ্জামান মোল্যা।
মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাদি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন কুমার রায়, যুবলীগ নেতা ইনছার আলী, ছাত্রলীগ নেতা লিটন সরদার, শিমুল শেখ, আফজাল মাহমুদ, জাহাঙ্গীর মোড়ল, রফিকুল মোড়ল, জুয়েল শেখ, মহিদুল ইসলাম, রিপন শেখ, বিকাশ দাস ও আক্তারুজ্জামান খাঁ।
এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সকাল ৬টা ৫৫ মিনিটে তালা থানার এসআই আমিরুজ্জামান মোল্যা সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, তালা উপজেলার লক্ষণপুর গ্রামে ৫ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান ও মিছিল করছেন। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সকাল ৭টা ১০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও অভিযোগ করা হয়, আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পরিচয় ও কার্যক্রমকে সমর্থন, সহযোগিতা এবং গতিশীল করার উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে সরকারবিরোধী স্লোগান ও মিছিল করেন। পাশাপাশি ষড়যন্ত্রের মাধ্যমে জননিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব বিপন্ন করা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন।
পুলিশের দায়ের করা মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী/২০২৬)-এর ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে। এজাহারে নাম থাকা আসামিরা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে মামলার বর্ণনায় জানানো হয়েছে। এদিকে, তালার মতো গুরুত্বপূর্ণ এলাকায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের এমন তৎপরতার অভিযোগ স্থানীয় পর্যায়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।










